মাত্র ২৩ বছর বয়সেই সরকারি চাকরি পেয়েছেন যুবক। এমন সুপাত্র কী কেউ আর হাতছাড়া করতে চান! সেই কারণে যুবককে অপহরণ করে বাড়িতে তুলে নিয়ে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করার হুমকি দিলেন এক ব্যক্তি। তাঁর মেয়েকে বিয়ে না করলে ফল ভালো হবেনা, এমন হুমকি দিলেন তিনি। ভয়ে ভয়ে বিয়েটা করতেই হল যুবককে।
কী ঘটেছে ঘটনাটি?
এমন ঘটনা ঘটেছে বিহারের রেপুরা জেলায়। গৌতম কুমার নামের এক যুবক ২৩ বছর বয়সে সরকারি চাকরি পেয়েছেন। গত বুধবার স্কুলে ক্লাস নিচ্ছিলেন তিনি। সেই সময় আচমকাই একদল ব্যক্তি ঢুকে পড়েন ক্লাসে। আর বন্দুক দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয় গৌতমকে।
তাঁকে নিয়ে যাওয়া হয় রাজেশ রাইয়ের বাড়িতে। গৌতমের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে সাফ বলা হয় যে রাজেশের মেয়েকে তাঁকে বিয়ে করতেই হবে। তা না হলে ফল ভালো হবে না। এর জেরে ভয়ের মুখে পড়ে রাজেশের মেয়েকে বিয়ে করতে বাধ্য জন গৌতম।
এদিকে আবার স্কুলের শিক্ষককে এভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশে খবর দেন স্কুলের প্রধান শিক্ষক। দীর্ঘক্ষণ ছেলের খোঁজ না মেলায় খোঁজাখুঁজি শুরু করেন গৌতমের বাড়ির লোকজনও। শেষ পর্যন্ত গৌতমের ফোনের লোকেশন ট্র্যাক করে গৌতমকে উদ্ধার করে পুলিশ।
কিন্তু ততক্ষণে রাজেশের মেয়ে চাঁদনির সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে গৌতমের। এই ঘটনার প্রতিবাদ জানান গৌতমের পরিবারের সদস্যরা। রাস্তা অবরোধ করেন তারা। এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, এমন ঘটনা নতুন নয় বিহারে। এর আগেও বিহারের নানান জেলায় এমন অপহরণ করে ভয় দেখিয়ে বিয়ে করানোর ঘটনা ঘটেছে। তবে আদালত আগের একটি মামলায় রায় দিয়েহিল যে এই ধরণের বিয়ের কোনও আইনি বৈধতা নেই।





