অবিশ্বাস্য প্রতিভার অধিকারী ছোট্ট তিথি! ফুল, ফল, পশু নিয়ে নানান প্রশ্নের উত্তর দিচ্ছে গড়গড়িয়ে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম আড়াই বছরের খুদের

দেখলে বিশ্বাস করবেন না! বয়স মাত্র দু’বছর আট মাস, কিন্তু তার প্রতিভা অবিশ্বাস্য। ছোট্ট তিথি ঘোষ যা মুখস্থ করতে পারে, তা অনেক বড়োরাও পারে না। সে অনর্গল বলতে পারে বিভিন্ন দেশ, জায়গা, বাদ্যযন্ত্রের নাম। এর জন্যই সে পেয়েছে একটি বিশেষ সম্মান। এ বছর তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মেয়ের এই অর্জনে তার বাবা-মা অত্যন্ত গর্বিত।

তিথির বাড়ি পুরাতন মালদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খৈহাট্টা এলাকায়। তার বাবা, রনি ঘোষ পেশায় একজন ব্যবসায়ী এবং মা কাজরী ঘোষ গৃহবধূ। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সারা দেশে একটি ট্যালেন্ট সার্চ আয়োজন করা হয়েছিল। তিথি সেই প্রতিযোগিতায় অংশ নেয় গত ১৪ জুন অনলাইনে।

প্রতিযোগিতায় তিথিকে নয়টি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নগুলোর মধ্যে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম, ফুল, পশু, জাতীয় পতাকা, জাতীয় ফুল, বিভিন্ন ধরনের শাকসবজির নাম ইত্যাদি। তিথি প্রায় প্রতিটি প্রশ্নেরই সঠিক উত্তর দেয়। ৫ জুলাই তিথির বাবা রনিকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে জানানো হয়, যে তার মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে এবং তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে। ইতিমধ্যেই তিথি তার পুরস্কারও পেয়ে গেছে।

প্রথমে বিভিন্ন প্রশ্ন এবং উত্তরদানের ভিডিও ছবি পাঠানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই ভিডিও দেখে সন্তুষ্ট হয়। এরপর তারা আবার তিথির পরীক্ষা নেয়, যেখানে তিথিকে পাঁচটি দেশের নাম, ফল, খেলার নাম বলতে বলা হয়। এছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় মাসের নাম, সপ্তাহের নামও জানতে চাওয়া হয়। তিথি সবকিছু সঠিকভাবে বলে দেয় এবং পরীক্ষা পাশ করে। ১৫ দিনের মধ্যে তিথি তার পুরস্কার, মেডেল সব পেয়ে যায়। তিথির এই সাফল্যে তার পরিবার অত্যন্ত খুশি।

RELATED Articles