ভগবানের মার বোধ হয় একেই বলে। মন্দিরে এসেছিল বিগ্রহের গায়ে থাকা গয়না চুরি করার জন্য। মন্দিরে প্রবেশ করতে দেওয়ালের গায়ে কেটেছিল সিঁধও। কিন্তু সব পরিকল্পনা জলে। নিজের কাটা সিঁধেই আটকে পড়ল চোর। নিজের কর্মের ফলেই এমন অবস্থা হয়েছে তার, সকলের অন্তত তেমনটাই দাবী।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের জামি ইল্লাম্মা মন্দিরে। এই মন্দিরের বিগ্রহের গায়ে রয়েছে প্রচুর গয়না। এই মন্দিরের আশেপাশেই ঘোরাফেরা করছিল ওই যুবক। বিগ্রহের গায়ে এত গয়না দেখে লোভ সামলাতে পারে না সে। চুরি করার ফন্দি আঁটতে থাকে মাথায়।
ব্যস্, শুরু হয়ে গেল পরিকল্পনা। সোজা পথ অর্থাৎ মন্দিরের প্রবেশ পথ দিয়ে ঢুকে চুরি করা তো সম্ভব নয়। তা ভালোভাবেই বুঝতে পেরেছিল যুবক। এই কারণে বিকল্প পথ খোঁজে সে। পরিকল্পনা করেছিল দেওয়ালের গায়ে থাকা জানলা ভেঙে গর্ত তৈরি করে মন্দিরের ভেতর ধুকবে। তৈরিও করে গর্ত।
ওই যুবক ভেবেছিল গর্ত দিয়ে সোজা মন্দিরে ঢুকলেই তার কার্যসিদ্ধি হবে। কারণ চোখের নিমেষে ওই গর্ত দিয়ে ঢুকে বিগ্রহ থেকে গয়নাগাটি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু ভগবানের বোধ হয় অন্য কিছুই পরিকল্পনা ছিল। ওই গর্ত দিয়ে মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করতেই বিপত্তি। কারণ গর্তে আটকে যায় ওই যুবক। যন্ত্রণায় চিৎকার করতে থাকে সে। সাহায্যের প্রার্থনা করতে থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রায় সকলেই।
তবে যুবককে সেখান থেকে উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। আপাতত জেলের হাওয়া খাচ্ছে সে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ওই যুবকের নাম পাপা রাও। এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার চুরি করেছে সে। তবে বিগ্রহের গয়না চুরি করতে এসেই ধরা পড়ল যুবক।





