শুকনো মুড়ি চিবোতে ভালো লাগে না? এবার এই মুড়ি দিয়েই তৈরি হবে সান্ধ্যকালীন খাবার, মুড়ির বড়া খেয়েছেন কখনও? রইল রেসিপি

মুড়ি জলে ভিজিয়ে তৈরী হবে সান্ধ্যকালীন খাবার? ভেবে দেখেছেন? রোজ সন্ধ্যেতে কী বানাবেন ভেবে ভেবে হয়রান! তাহলে তৈরী করতে পারেন মুড়ি দিয়ে এই সহজ বড়া। আবার সহজে বাড়িতে চাটনিও তৈরীর পদ্ধতি জেনে নিন।

উপকরণ

মুড়ি, সুজি, টক দই, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, নুন স্বাদমতো, ভাজা জিরে গুঁড়ো, চিনে বাদাম, ছোলার ডাল, নারকেল কোরা, আদা, সরষে, শুকনো লঙ্কা, কারিপাতা, লেবুর রস, সাদা তেল (ভাজার জন্য)।

রন্ধন প্রণালী

প্রথমে মুড়িকে জলে ভিজিয়ে নিন। মুড়িটি খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর মুড়ি জল থেকে ছেঁকে নিয়ে একটু মেখে নিতে হবে। এরপর তার মধ্যে সুজি, টক দই, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, নুন, ভাজা জিরে গুঁড়ো দিয়ে মেখে নিন। এরপর মিশ্রণটি কিছুটা সময় রেখে দিন। সেই সময়ে চাটনি বানিয়ে নিন। মিশ্রণটি পাতলা করবেন না।

এরপর একটি মিক্সারে চাটনি বানানোর জন্য শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়া চিনে বাদাম, ছোলার ডাল, নারকেল কোরা, আদা, কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে মিহি করে বেটে নিন। এরপর সেটা বাটিতে ঢেলে নুন আর লেবুর রস দিয়ে নিতে হবে। এরপর তরকা লাগানোর জন্য সরষে, শুকনো লঙ্কা, কারিপাতা দিয়ে ফোড়ন দিন। তৈরী হয়ে গেল চাটনি।

এবার ভিজে হাতে মিশ্রণ থেকে বড়ার আকার গড়ে নিন। কড়াইতে সাদা তেল দিয়ে গরম হতে দিন। এবার বড়াগুলো ভেজে নিন। সোনালী রঙের হলে বড়াগুলো‌ কড়া থেকে তুলে নিন। এবার গরম গরম পরিবেশন করুন মুড়ি দিয়ে তৈরি এই বড়া। সঙ্গে দিন বাড়িতে তৈরী এই চাটনি।

RELATED Articles