এই বছরের আইপিএলে ভালোই দল ছিল অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যোগ্য ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং থাকা সত্ত্বেও এই বছরও আইপিএলের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আরসিবি দল ফাইনালে পৌঁছাতে পারল না। অনেক বিশেষজ্ঞরাও মনে করেছিল যে এইবার অন্তত ট্রফি পাওয়ার সুযোগ রয়েছে আরসিবির। কিন্তু শেষমেশ আবারও চোকার্স তকমা নিয়ে এই বছরের আইপিএল যাত্রা শেষ করে আরসিবি।
প্লে-অফে পৌঁছালেও এলিমিনেটরে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারতে হয় তাদের। আর আরসিবির এই হারের কারণে দলের ম্যানেজমেন্ট সহ অধিনায়ককে দায়ী করেছেন অনেকেই। এবার এই বিষয়ে মতামত দিলেন প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা। তিনি বলেন, “রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অনেকটাই নির্ভরশীল বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের উপর। একটা গোটা দল এই দুই ক্রিকেটারকে ঘিরেই তৈরি হয় কিন্তু এটা ১১ জন খেলোয়াড়দের খেলা।”
নেহরা আরও যোগ করেছেন, “আপনাকে বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্স ছাড়াও আরও কিছু খেলোয়াড়কে দুই থেকে তিন বছর সুযোগ দিতে হবে। এই দুই খেলোয়াড় এবং যুজবেন্দ্র চাহাল সব সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে বিদ্যমান। এছাড়া কোনও চতুর্থ নাম আপনাদের নজরে পড়বে না।” বলা বাহুল্য, গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং কোচ ছিলেন নেহরা। সেই কারণে আরসিবি ম্যানেজমেন্ট সম্পর্কে পরিচিত তিনি। আরসিবির এই প্রদর্শনের কারণে অনেক বিশেষজ্ঞই মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ অধিনায়ক বিরাট কোহলিকে দোষ দিয়েছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর বলেছেন, আরসিবির উচিত অধিনায়ক বদলে দেওয়া।





