বাংলাদেশে করোনা আতঙ্ক, স্থগিত হল বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের টি-টোয়েন্টি ম্যাচ

করোনা জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। এবার এই জ্বর থেকে রেহাই পেল না বাংলাদেশও। বাতিল হল রাজধানী  ঢাকায় অনুষ্ঠিত হতে চলা বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের দুটি টি-টোয়েন্টি ম্যাচ। বুধবার বাংলাদেশ  ক্রিকেট বোর্ড ( বিসিবি ) সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের এই সংবাদ দেন। মূলত করোনা ভাইরাসের জেরেই এই সিদ্ধান্ত, বলে তিনি জানিয়েছেন।

এইবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে  নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ। তারমধ্যে আগামী ২১শে ও ২২শে মার্চ ঢাকাতে দুটি তারকাখচিত টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত থাকার কথা ছিল বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের। কিন্তু বাংলাদেশে কিছুদিন আগেই তিনজন করোনা আক্রান্তের খবর মিলেছে। এমত অবস্থায় দেশে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাই এই দুটি টি-টোয়েন্টি ম্যাচ কোনোভাবেই এখন আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

সূচী অনুযায়ী, ভারতীয় সঙ্গীত পরিচালক এ.আর রহমানের কনসার্টের মাধ্যমে উদ্বোধন হত এই ম্যাচের। প্রথমে স্থির হয়, ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হবে। বুধবারে জানানো হয়, ম্যাচ বাতিল করা হচ্ছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বড় আকারে অনুষ্ঠান করা হবে। নাজমুল হাসান আরও বলেন, “বিদেশি খেলোয়াড়রা আসতে পারবেন কিনা বোঝা যাচ্ছে না, এলেও ফিরতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই। তাই পরিস্থিতি বুঝে একমাস পর ইভেন্টের আয়োজন করা হবে”।

কে কে থাকতে চলেছে এই ম্যাচে? এই আলোচনায় সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশ। এরপর বিসিবি থেকে জানানো হয়, এশিয়া একাদশের দলে থাকছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, কুলদীপ যাদব ও মহম্মদ শামি, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মুস্তাফিজুর রহমান, সন্দীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মুজিব-উর-রহমান এবং বিশ্ব একাদশের অধিনায়কত্ব করার কথা ছিল ফ্যাফ ডু’প্লেসি। সেই দলে ছিলেন ক্রিস গেইল, কায়রন পোলার্ড, নিকোলাস পুরান, আলেক্স হেলসের মত তারকা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ থাকায় এশিয়া একাদশের হয়ে একটাই ম্যাচ খেলতেন কোহলি।

মুজিববর্ষ উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল বাংলাদেশে। আমন্ত্রিত হয়েছিলেন বাংলাদেশ সরকারের তরফ থেকে। কিন্তু বাংলাদেশে করোনা আক্রান্তের খবর পাওয়া মাত্রই তিনি সফর বাতিল করেন। এবার বাতিল হল টি-টোয়েন্টি ম্যাচ।

RELATED Articles

Leave a Comment