আইপিএল এর সেরা পারফর্মার কারা, কে কোন পুরস্কার পেলেন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

গতকাল দুবাইয়ে আইপিএল ১৩ এর ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল এর খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স। আর এরপর বেশ বড়সড় প্রেজেন্টেশন অনুষ্ঠানে আইপিএল এর একাধিক ক্যাটেগরিতে একাধিক দল ও ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়। তাহলে দেখে নেওয়া যাক, কে কোন পুরস্কার পেলেন।

আইপিএল চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি এবং ২০ কোটি টাকা প্রাইজ মানি পেল মুম্বই ইন্ডিয়ান্স।

রানার্স আপ হিসেবে দিল্লি ক্যাপিটালস পেয়েছে সাড়ে ১২ কোটি টাকার প্রাইজ মানি। এছাড়া প্রতিটি খেলোয়াড় রানার্স আপ মেডেল পেয়েছেন।

আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ৬৭০ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল।

আইপিএল এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ৩০টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন দিল্লি ক্যাপিটালসের পেসার কাগিসো রাবাডা।

ড্রিম ইলেভেন অ্যাপে সবথেকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট পাওয়ার দরুণ কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল পেয়েছেন গেমচেঞ্জার অফ দ্য সিজন।

এবারের আইপিএল এ সবথেকে বেশি ছয়, অর্থাৎ ৩০টি ছয় মেরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিশান। সেই কারণে বিশেষ পুরষ্কার পেয়েছেন তিনি।

সেরা উঠতি খেলোয়াড় হিসেবে আইপিএল এর ইমার্জিং প্লেয়ারের পুরষ্কার পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার দেবদত্ত পাডিক্কাল। এবারের আইপিএল এ মোট ৪৭৩ রান করেছেন তিনি, যার মধ্যে পাঁচটি অর্ধশতরান রয়েছে।

পাওয়ার প্লেতে সবথেকে বেশি উইকেট নেওয়ার দরুণ এবারের আইপিএল এর পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার ট্রেন্ট বোল্ট। টুর্নামেন্টে মোট ২৫টি উইকেট নিয়েছেন তিনি।

এবারের আইপিএল এ সবথেকে বেশি স্ট্রাইক রেট নিয়ে সুপার স্ট্রাইকার অফ দ্য সিজনের পুরষ্কার পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার কাইরন পোলার্ড। এবারের আইপিএল এ ২৬৮ রান করেছেন পোলার্ড, যেখানে তার স্ট্রাইক রেট ১৯১.৪২।

রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা জোফ্রা আর্চার পেয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজনের পুরস্কার। বোলিংয়ে ২০টি উইকেট নেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়ে পাঁচটি ক্যাচ ধরেছেন এবং ১০টি ছয় মেরেছেন ব্যাট হাতে।

টুর্নামেন্টে সবথেকে ভদ্রভাবে খেলার দরুণ এবং মাঠে ক্রিকেটীয় স্পিরিট বজায় রাখার জন্য আইপিএল এর ফেয়ার প্লে পুরষ্কার পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

RELATED Articles