প্লাস্টিক সার্জারি নিয়ে কম ঢাক গুড়গুড় হয় না বলিউডে। প্রায় অধিকাংশ নায়িকাই জীবনের বিভিন্ন সময়ে প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিন্তু সেই নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি কেউই বা জিজ্ঞাসা করা হলেও এড়িয়ে গিয়েছেন। তবে কমল হাসান কন্যা শ্রুতি হাসান বরাবরই একটু অন্যরকমের। তিনি সোশ্যাল মিডিয়ায় বডি শেমিং থেকে শুরু করে বিউটি স্ট্যান্ডার্ড সবকিছু নিয়েই নিজের মতামত রাখেন। এবারও তার অন্যথা হল না। নিজের নাকের প্লাস্টিক সার্জারি নিয়ে শ্রুতি সরাসরি মুখ খুললেন সোশ্যাল মিডিয়ায়।দিলেন সার্জারির আগে-পরের ছবিও।
সংবাদমাধ্যমে তিনি এই নিয়ে জানিয়েছেন তে, এটা তার ব্যক্তিগত পছন্দ। আমার নাক ভেঙে গিয়েছিল। তারপরে নিজের ইচ্ছায় আমি নাকের প্লাস্টিক সার্জারি করাই। আমাকে এর আগে যেরকম দেখতে লাগছিল তা আমার নিজের পছন্দ ছিল না। কেউ আমাকে বলেনি সার্জারি করতে। আমি নিজের ইচ্ছায় করেছি।
এছাড়াও তিনি জানিয়েছেন যে, তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন তার মানে এই নয় যে তিনি এটাকে প্রোমোট করছেন। অনেক অভিনেত্রীই আছেন যারা রাতারাতি ভোল বদল করে ফেলেন কিন্তু তাদের জিজ্ঞাসা করলে তারা ব্যাপারটি অস্বীকার করেন। শ্রুতি তাদেরকে মিথ্যাবাদী বলছেন কারণ তার মতে মানুষ সহজেই বুঝে যে একদিনের মধ্যে নিজের রূপ এতটা পাল্টে ফেলা যায়না সার্জারি ছাড়া।
শ্রুতি প্লাস্টিক সার্জারিকে অত্যন্ত সাধারণভাবেই দেখছেন। তিনি বলছেন আমরা যেরকম নীল রঙের কন্টাক্ট লেন্স পরি, আমাদের চুল রং করাই সেরকমই আমিও নিজের ইচ্ছাতেই প্লাস্টিক সার্জারি করিয়েছি।
এছাড়াও শ্রুতি নিজের লিপ এনহান্সমেন্ট সার্জারি করিয়েছিলেন। সেই নিয়েও বরাবরই অকপট থেকেছেন কমল হাসান কন্যা। অনেকেই তার এই সাহসের সমালোচনা করছেন তবে অধিকাংশ তাকে কুর্নিশ জানাচ্ছেন এইভাবে সত্যিটা সামনে নিয়ে আসার জন্য।





