মোদী ক্ষমতায় থাকলে ভারত-পাক সিরিজ সম্ভব নয়, ফের আক্রমণ আফ্রিদির

ভারত-পাক রাজনৈতিক সম্পর্কের জেরে বহু দিন ধরেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। আইসিসি ইভেন্ট ছাড়া ভারত ও পাকিস্তান ক্রিকেট মাঠে মুখোমুখি হয় না, সিরিক হয় না দুই দেশের। আর এই রকম পরিস্থিতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। বর্তমান কূটনীতির বাজারে ভারত ও পাকিস্তানের সম্পর্ক একেবারে আদায়-কাঁচকলায়। দুই প্রতিবেশী দেশের সম্পর্কে এমন অবক্ষয়ের জন্য মোদীই দায়ী, এমনটাই বলছেন আফ্রিদি।

সম্প্রতি সৌদি আরবের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আফ্রিদি বলেন, “পাকিস্তান সরকার সব সময় ভারতের সঙ্গে ক্রিকেট সিরিজ চায়। কিন্তু বর্তমানে ভারতে যে সরকার ক্ষমতায় রয়েছে তার আমলে কোনও সিরিজের আশা নেই। মোদী যতদিন ক্ষমতায় রয়েছেন ততদিন কোনও ক্রিকেট সিরিজ হবে বলে আমার মনে হয় না।” এর আগেও বহুবার ভারত-পাক রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন আফ্রিদি। যদিও আফ্রিদি স্বীকার করে নিয়েছেন যে, পাকিস্তানের থেকে ভারতে মানুষের বেশি ভালোবাসা পেয়েছেন।

তবে আইপিএল-এ পাক ক্রিকেটারদের খেলতে না পাওয়া নিয়ে আফ্রিদি বলেন, “আইপিএলই এখন দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। বাবর আজম-সহ অন্যান্য পাক ক্রিকেটাররা আইপিএল খেলতে না পারায় বিরাট সুযোগ হারাচ্ছে।” এর আগেও আফ্রিদি বলেছিলেন, “যতদিন মোদী ক্ষমতায় থাকবে, আমার মনে হয় না পাকিস্তান ভারতের কাছ থেকে সদর্থক কোনও বার্তা পাবে।” আগেও শাহিদ আফ্রিদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কড়া সমালোচনা করেন, অসম্মানীয় উক্তি করেন এবং অভিযোগ করেন যে মোদী কাশ্মীরে ‘বর্বর আচরণ’ করেছেন৷

RELATED Articles

Leave a Comment