বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট, থাকবেন অমিত শাহ

ভারত-ইংল্যান্ডের মধ্যে আহমেদাবাদের মোতেরায় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় টেস্ট। যা হতে চলেছে দেশের দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট। এই ম্যাচের জন্য টিকিট বুকিং রবিবার থেকেই শুরু হয়েছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। জিসিএ কর্মকর্তারা আরও বলেছেন, চার ম্যাচের সিরিজে মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ দুটি টেস্ট ম্যাচের জন্য ৫০ শতাংশ দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।

ইংল্যান্ড দল এই স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট (একটি ডে-নাইট ম্যাচ সহ) এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে। স্টেডিয়ামটিতে ১০ লক্ষ দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। জিসিএর ভাইস প্রেসিডেন্ট ধনরাজ নাথওয়ানি বলেছেন যে, কোভিড -১৯ এর পর সিরিজ হোস্টিং করা জিসিএর জন্য সম্মানের এবং ক্রীড়া প্রেমীদের বিনোদন দেওয়ার জন্য সামাজিক দূরত্ব এবং সুরক্ষা বিধি অনুসরণ করা হবে।

পিঙ্ক বল টেস্ট (সিরিজের তৃতীয় ম্যাচ) আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, যার জন্য টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ থেকে ১০০০ টাকা। জিসিএর অপর এক আধিকারিক জানিয়েছেন যে, আগামী ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

RELATED Articles