ধাক্কা ভারতীয় শিবিরে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ইশান্ত-রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে প্রথম দুই টেস্ট থেকে ছিটকে গেলেন সিনিয়র পেস বোলার ইশান্ত শর্মা এবং ব্যাটসম্যান রোহিত শর্মা। সেই সঙ্গে শেষ দুটি টেস্টেও জায়গা করে নেওয়ার সম্ভাবনা কম রয়েছে এই দুই জনের। ইশান্তের ছিটকে যাওয়ায় ভারতীয় বোলিং আক্রমণে বড়সড় ধাক্কা। ভারতের পেস বোলিং বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, মহম্মদ শামি। সেই সঙ্গে মহম্মদ সিরাজ, তরুণ কার্তিক ত্যাগী, কমলেশ নাগরকোটির মতো বোলাররা রিজার্ভে রয়েছেন।

 

তৃতীয় টেস্টের আগে ঘুরে দাঁড়ানোর জন্য বোলিংয়ের ফিটনেস ফিরে পেতে হবে ইশান্তকে। টেস্ট ম্যাচের প্রস্তুত হওয়ার জন্য এখনও চার সপ্তাহের অনুশীলন প্রয়োজন। এবারের আইপিএল থেকে মাঝপথে চোটের কারণে বেরিয়ে গিয়েছিলেন ভারতীয় তারকা পেসার ইশান্ত শর্মা। সেই সঙ্গে চোটগ্রস্ত ছিলেন রোহিত শর্মাও। আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দিন রাতের টেস্ট দিয়ে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফি। এই দুইজনই এখন রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন।

 

সেই সঙ্গে কোভিড পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া পৌঁছে রয়েছে ১৪ দিনের কোয়ারান্টাইন পর্ব। সেখানে পোঁছে দুই সপ্তাহ পরে ট্রেনিং শুরু করতে পারবেন ইশান্ত। সুতরাং তৃতীয় টেস্টের আগে ইশান্ত ম্যাচের জন্য প্রস্তুত হতে পারেন, যা আগামী ৭ জানুয়ারি সিডনিতে শুরু হচ্ছে। অন্যদিকে রোহিত শর্মা ৮ ডিসেম্বরের আগে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি ছাড়তে পারবেন না। এর আগে ইশান্ত শর্মা ও রোহিত শর্মার চোট নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। ইশান্ত ও রোহিতের জন্য ম্যানেজমেন্টের পক্ষে বেশি সময় অপেক্ষা করা সম্ভব নয়, স্পষ্ট জানিয়েছিলেন রবি শাস্ত্রী।

RELATED Articles