দীর্ঘ আইপিএলের ইতিহাসে এই প্রথমবার সেমিফাইনাল বা প্লে-অফের জন্য কোয়ালিফাই করল না মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। এই বছর যেন কোনও কিছুই সিএসকের জন্য ভালো ভাবে খাটলো না। এই বছর আইপিএলে ধোনি ১৪ টি ম্যাচে মাত্র ২০০ রান করেছেন। দলের খারাপ সময়ে তাঁর স্লো স্ট্রাইক রেটে ব্যাট করে গিয়েছেন তিনি।
যার জেরেই জোর সমালোচনা হয়েছে ধোনির। ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবও এবার সমালোচনা করলেন ধোনির। কপিল দেব বলে, “যদি ধোনি মনে করে, প্রতিবছরই ও আইপিএল খেলে যাবে, সেটা কখনই সম্ভব নয়। একজন ক্রিকেটারের কাছে কোনও মরশুম ভালো বা খারাপ যেতেই পারে। এটা ক্রিস গেইলের মতো ক্রিকেটারের সঙ্গেও হয়। কেউ এক বছরের মধ্যে ১০ মাস যদি ক্রিকেট না খেলে, তারপর হঠাৎ আইপিএল খেলতে চলে আসে, তাহলে তার এই করুণ পরিণতি হয়।”
তিনি আরও যোগ করেছেন, “পরের মরশুমেও যদি ধোনি খেলতে নামেন সেটা তাঁর কাছে বড়সড় চ্যালেঞ্জ হবে। আমি বয়স নিয়ে কথা বলতে চাই না। ওর উচিত প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরে যাওয়া এবং সেখানে গিয়ে নিজেকে ম্যাচ ফিট রাখা।” আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়ে ফেলা ধোনি কি পরের মরসুমেও ভালো ফর্মে খেলতে পারবেন? সেই বিষয় নিয়েই সন্দেহ রয়েছে সকলের মনে। কোনও রকম ম্যাচে না খেলেই সোজাসুজি আইপিএল খেলতে নামলে তা ঠিক হচ্ছে না একেবারেই। এর আগে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাস্কারও ধোনিকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন।






