আরও একবার নিজের সিদ্ধান্তে সকলকে হতবাক করলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা ধোনির

বরাবরই নিজের ক্রিকেটীয় সিদ্ধান্ত সম্পর্কে আগে থেকে আঁচ পেতে দেননি তিনি, এইবারও তেমনটাই হল। ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ও প্রাক্তন ভারত অধিনায়কের সিদ্ধান্তে হৃদয় ভঙ্গ হল বহু ক্রিকেটপ্রেমীর। স্বাধীনতা দিবসের দিনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ধোনি।

২০০৪ সালে তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল ধোনির। তারপর ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ থেকে শুরু হয় অধিনায়কত্বের যাত্রা। ধোনির নেতৃত্ব তরুণ ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। তারপর দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি ট্রফি জয়ের মালিক তিনি।

এদিন নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ধোনি একটি ভিডিও শেয়ার করেন লেখেন, “আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।” ভারতের জার্সিতে ধোনিকে শেষ দেখা গিয়েছিল নিউজিল্যানের বিরুদ্ধে ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে। তারপর ভারতের একাধিক সিরিজের দল নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন দলে। অনেক সমালোচনা হয়েছে তার অবসর নিয়ে, শেষমেশ দুঃসংবাদ শুনিয়েই দিলেন মাহি।

বলা বাহুল্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সংযুক্ত আরব আমিরশাহিতে আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নেতৃত্ব দেবেন ধোনি। তবে মনে করা হচ্ছে এটিই ধোনির শেষ আইপিএল। অবসর ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় ধোনির ভক্তদের আবেগের ঝড়। ওয়াংখেড়েতে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ধোনির সেই ছয় স্মৃতিতেই থেকে যাবে।

RELATED Articles

Leave a Comment