মুক্তির স্বাদ! জানলা দিয়ে উড়ল ভারতের পতাকা, বেনজির উদ্যোগ নিল বাঁকুড়ার ওন্দা হাসপাতাল

এবারের স্বাধীনতা দিবস অন্যবারের তুলনায় বেশ খানিকটা আলাদা। করোনার আবহে এবার না হয়েছে বড় কোনো অনুষ্ঠান, না কোনো জমায়েত। এমনকি অনেক মানুষই এবারের স্বাধনীতা দিবস করোনা হাসপাতালে শুয়েই কাটাচ্ছেন। আচ্ছা করোনা মোকাবিলায় কোথাও তো নিজের মতো স্বাধীনতা দিবস পালনে নিষেধাজ্ঞা নেই! এমনকি বাতাসের বুকে পতাকা উড়িয়ে দিতেও কোনো বারণ নেই। তাহলে কেন শুধু করোনা আক্রান্ত বলে ওরা স্বাধীনতা দিবসের দিনে একটু আনন্দ করতে পারবে না।

তাই এবার এক অভিনব উদ্যোগ নিল বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। ২৫০টি শয্যা বিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসাধীনরা আজ হাসপাতালের জানলা থেকে পতাকা উড়িয়ে নিজেদের স্বাধীনতা দিবসকে চিরস্মরণীয় করে তুললেন। যেন মনে হচ্ছিল জানলার গরাদ ভেঙে এগিয়ে আসছে স্বাধীনতা। ‘নিউ নর্মাল’ জীবনে এমন অভিনব অভিজ্ঞতার সাক্ষী হয়ে অবাক হলেন রোগীদের একাংশ। তাঁদের এই আনন্দে সামিল হলেন হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সকলেই।

এছাড়া বাঁকুড়ার জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণেও আজ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শংকর নস্কর, বাঁকুড়া জেলা পরিষদের জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সীমা হালদার, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) রাজু মিশ্র-সহ আরও অনেকে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ৬ জন কোভিড যোদ্ধাকে সংবর্ধনাও জানানো হয়। সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

RELATED Articles

Leave a Comment