দুইবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এবার জ্বলজ্বল করবে ‘মোবাইল প্রিমিয়ার লিগ’। বিখ্যাত গেমিং এবং ইস্পোর্ট কোম্পানি মোবাইল প্রিমিয়ার লিগ, যা সংক্ষেপে এমপিএল নামে পরিচিত, তা মুখ্য স্পনসর হিসেবে যুক্ত হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের সাথে।
ফ্র্যাঞ্চাইজির ওয়েবসাইট সহ এই বিশেষ ঘোষণাটি করেন ফ্র্যাঞ্চাইজির সিইও ভেঙ্কি মাইসোর। টুইট করে এই বিশেষ সংবাদটি জানান তিনি।
এই নতুন চুক্তির বিষয়ে নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর জানান, “এমপিএল-কে আমাদের পার্টনার হিসেবে যুক্ত করতে পেরে আমরা খুবই খুশি। এটি একটি দুর্দান্ত ভারতীয় স্টার্ট আপ যা গেমিং ও ইস্পোর্টসে অনেকটাই অগ্রসর ভূমিকা নিয়েছে। আইপিএল-এ কেকেআর এবং সিপিএল-এ টিকেআর এর সাথে এই পার্টনারশিপ একটি নতুন দিশা তৈরি করবে এবং নতুন সুযোগ গড়ে তুলবে।”
শুধু কেকেআর নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সেরও স্পনসর হল এমপিএল।





