প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জমানায় একাধিক ট্রফি জিতেছে ভারত। টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি ভারত জিতেছে ধোনির অধিনায়কত্বে। তবে হঠাৎই ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে নেওয়ায় অনেকেই মনে করছেন একটা ফেয়ারওয়েল ম্যাচ ধোনির প্রাপ্য। এবার সেই রকমই চিন্তা ভাবনা করছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)।
সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির দায়িত্ব পাওয়ার পর একাধিক ভালো ম্যাচ আয়োজন করা হয়েছে ইডেনে। তবে কি এবার ধোনির ফেয়ারওয়েল ম্যাচও আয়োজন হবে ক্রিকেটের নন্দন কাননে? সেই রকমই জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন ক্রিকেটারদের স্মারক নিয়ে ইডেনে রয়েছে একটি মিউজিয়াম। সেখানেই এবার ধোনির ক্রিকেটীয় সরঞ্জাম সংরক্ষণ করার পরিকল্পনা করছে সিএবি। ধোনি নিঃসন্দেহে ভারতের একজন কিংবদন্তি। সেই সঙ্গে ইডেনে ধোনির ক্রিকেট কেরিয়ারের অনেক স্মৃতি রয়েছে।
কেরিয়ারের শুরুতে কলকাতায় স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট পি সেন ট্রফিতে শ্যামবাজারের হয়ে খেলতে এসেছিলেন ধোনি, সেই ম্যাচে ঝোড়ো ২০০ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও ভারতের হয়ে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইডেনেই ১৩২ নটআউট ছিলেন ধোনি। এক প্রকার সবাইকে অবাক করেই শনিবার দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।





