আফ্রিদির মন্তব্যের তীব্র জবাব আকাশ চোপড়ার, ‘সাপে কামড়ালেও ওষুধ আছে, কিন্তু ভুল ধারণার চিকিৎসা নেই’

ফের মন্তব্যের জেরে বিতর্কে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তার বক্তব্য পাকিস্তানের কাছে বারংবার পরাজয়ের পর ভারতীয় ক্রিকেটাররা নাকি দয়া ভিক্ষা করতেন! আফ্রিদির এহেন মন্তব্যের কড়া প্রত্যুত্তর দিলেন আকাশ চোপড়া। ভারতের প্রাক্তন ওপেনার বলেন, ‘‘সাপে কামড়ালেও তার ওষুধ আছে। কিন্তু কারোর ভুল ধারণা দূর করার কোনো চিকিৎসা হয় না।’’

ভারত-পাক ক্রিকেট ম্যাচের পরিসংখ্যান তুলে আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘সত্যি একটা সময় ছিল যখন পাকিস্তান দল হিসেবে খুবই ভাল ছিল। কারণ তখন পাকিস্তান ক্রিকেট টিমে আফ্রিদির মতো খেলোয়াড় ছিল না বরং ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো প্রতিভাবান খেলোয়াড়রা ছিল। তখন শারজায় ভারত-পাকিস্তান খেলা হলে জিতত পাকিস্তানই। কিন্তু আফ্রিদি যখন থেকে খেলতে শুরু করেছে, তখন থেকে পাকিস্তান কতবারই বা জয়ের মুখ দেখেছে। এমনকি তার ক্রিকেট জীবনের গোটা সময়টাতে দুই দেশের জয়-পরাজয়ের ছবিটা বদলে গিয়েছে।’’

আফ্রিদির সময়ের ভারত-পাক ম্যাচের হিসেব তুলে ধরে আকাশ চোপড়া বলেছেন, “ওই সময়ে ১৫টি টেস্ট খেলেছে দু’দল। ভারত ও পাকিস্তান ৫টি করে টেস্ট জিতেছে। ওয়ান ডে-তে দুই দেশের মধ্যে ৮২টি ম্যাচ হয়েছে। পাকিস্তান জিতেছে ৪১টি। ভারত ৩৯টি। দুটো ম্যাচ কম জেতার জন্য ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের কাছে ক্ষমা চাইত বলে আমার মনে হয় না।“

আফ্রিদিকে তোপ দেগে তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়া সফরে গিয়ে জিতে আসে ভারত। পাকিস্তান তো অস্ট্রেলিয়া গিয়েই হার মানে। দুটো দলের মধ্যে এখন অনেক তফাৎ রয়েছে। সেটা ওকে বুঝতে হবে।’’

RELATED Articles

Leave a Comment