আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে অনেকেরই নজর থাকবে, কেমন পারফর্ম করেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এবারের আইপিএল এ তুলনামূলক ভালো পারফর্ম না করলেও ৪০০ এর বেশি রান করেছেন বিরাট, এবং জাতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠতে সক্ষম কোহলি।
এই অবস্থায় এবার বিরাট কোহলির মত তারকা ব্যাটসম্যানকে চুপ করিয়ে দিতে চান অস্ট্রেলিয়ার তারকা বোলার প্যাট কামিন্স। এই বিষয়ে ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্স বলেছেন, “ধারাভাষ্যকাররা কোহলির বিষয়ে অনবরত বলতেই থাকেন, তাই আশা করি, আমরা কোহলিকে চুপ করে রাখতে পারব।”
পাশাপাশি কামিন্স মনে করেন, ভারতীয় দলের অন্যতম দামি উইকেট হিসেবে কোহলি রয়েছে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে ভারতকে তুলনা করে কামিন্স বলেছেন, “আমার মনে হয় প্রতিটা দলেই এক বা দুজন ব্যাটসম্যান থাকেন যারা খুবই বড় উইকেট। বেশির ভাগ দলেই তারা অধিনায়ক হিসেবে থাকেন, যেমন ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আপনার ধারণা হয় যে এনাদের উইকেট পাওয়া গেলেই ম্যাচ জেতার ক্ষেত্রে অনেকটা রাস্তাই পরিষ্কার হয়ে যায়। সেরকম ভাবেই বিরাট কোহলি একটি বড় উইকেট।”





