সানরাইজার্স হায়দ্রাবাদ দলে আগেই লেগেছিল বড়সড় ধাক্কা, পেশীর চোটে আইপিএল ২০২০ থেকে ছিটকে গিয়েছিলেন পেসার ভুবনেশ্বর কুমার। ভারতের এই পেসার গোটা আইপিএলের জন্য সানরাইজার্সের গুরুত্বপূর্ণ বোলার ছিলেন। ভুবি না খেলায় তাঁর অভাব টের পাবে হায়দ্রাবাদ। এদিন সানরাইজার্স হায়দরাবাদ ভুবির পরিবর্ত হিসেবে পৃথ্বী রাজ ইয়ারাকে দলে নিয়েছে।
পৃথ্বী রাজ গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেক করেছিলেন। বলাই যায়, ভুবিকে ছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং অনেকটাই কমজোর হয়ে গেল। জানা গিয়েছে, ভুবির পেশীর চোট গুরুতর হওয়ায় আইপিএল ছাড়াও আগামী এক-দেড় মাস তাঁকে বাইশ গজে দেখা যাবে না। ভুবিকে এমনটাই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিন সানরাইজার্স হায়দরাবাদ টুইটারে লিখেছে, “আপডেট: চোটের কারণে ভুবনেশ্বর কুমার ২০২০ সালের আইপিএল আর খেলতে পারবেন না, আমরা শীঘ্রই তাঁর দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা করি। মরসুমের বাকি ম্যাচগুলিতে পৃথ্বী রাজ ইয়ারা ভুবির জায়গায় খেলবেন।”






