- Home
- ফুটবল
- প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও মন জয় করে নিলো ভারতীয় মহিলা ফুটবল বাহিনী।
অলিম্পিকের যোগ্যতা নির্ণয়ের দ্বিতীয় রাউন্ডে আজ মায়ানমারের সম্মুখীন হয়েছিল ভারতীয় মহিলা ফুটবল বাহিনী৷ এখনও অবধি একটিও ম্যাচে পরাজিত না হলেও গোল পার্থক্যে কিছুটা পিছিয়ে থাকা ভারতীয় মহিলা ফুটবল বাহিনীকে পরের রাউন্ডে পৌঁছাতে হলে আজ মায়ানমার দলকে পরাজিত করতেই হতো। কিন্তু শেষমেশ লড়াই করেও আজকের ম্যাচে ড্র করে অলিম্পিকের যোগ্যতা নির্ণয়ের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলো ভারতীয় মহিলা ফুটবল বাহিনী।
এদিন খেলা শুরুর ১০ মিনিটের মাথাতেই ভারতের হয়ে প্রথম গোলটি করে ভারতকে এগিয়ে দেন সন্ধ্যারানী দেবী৷ যদিও এরপরই ১৭ মিনিটের মাথাতে মায়ানমারের হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান উইটন৷ প্রথমার্ধের ২১ মিনিটের মাথাতে মায়ানমার পেনাল্টি পেলে, ফের পেনাল্টিতে মায়ানমারের হয়ে দ্বিতীয় গোলটি করে মায়ানমারকে ২-১ এ এগিয়ে দেন উইটন-ই। তবে থেমে থাকেনি ভারতীয় ফুটবল বাহিনীও৷ ৩২ মিনিটের মাথাতে ফের বিপক্ষীয় জালে ভারতের হয়ে বল জড়িয়ে খেলায় সমতা ফেরান সঞ্জু৷ এরপর খেলার প্রথমার্ধে আর গোল না হওয়ায় এদিন খেলার প্রথমার্ধ শেষ হয় ২-২ অবস্থানে৷ এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হলেও আক্রমণ ছাড়েনি ভারতীয় মহিলা ফুটবল বাহিনী। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটের মাথাতে ভারতের হয়ে তৃতীয় গোলটি করে ফের ভারতকে এগিয়ে দেন রতনবালা দেবী৷ তবে শেষ রক্ষা আর হয়ে ওঠেনি, খেলা শুরুর ৭২ মিনিটের মাথাতে মায়ানমারের হয়ে তৃতীয় গোলটি করে এবং নিজের হ্যাটট্রিক পূরণ করে ভারতের পরের রাউন্ডে পৌঁছানোর পথ বন্ধ করে দেন মায়ানমারের উইটন। এরপর ম্যাচের পুরো সময়ে আর একটিও গোল না হওয়ায় আজকের ম্যাচটি শেষ হয় ৩-৩ এ ড্র অবস্থানে।
আজকের ম্যাচটি ড্র হওয়ায় ভারত এবং মায়ানমার উভয়ের পয়েন্টই দাঁড়ায় ৭৷ কিন্তু গোল পার্থক্যে ভারত কিছুটা পিছিয়ে থাকায় একটিও ম্যাচে পরাজিত না হয়েও অলিম্পিকের যোগ্যতা অর্জনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো ভারতীয় মহিলা ফুটবল বাহিনীকে। তবে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও ভারতীয় মহিলা ফুটবল বাহিনীর লড়াই সমস্ত ভারতীয় ফুটবল প্রেমিদের মন জয় করতে সমর্থ হয়েছে৷ তাঁরা যেভাবে ফুটবলের লড়াই চালিয়ে গিয়েছেন তা সত্যিই প্রশংসা যোগ্য৷
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com
আরও পড়ুন
RELATED Articles