সমস্যার কালো মেঘ যেন কাটতেই চাইছেনা বাগানের আকাশ থেকে। আই লিগে এবারে খুব একটা ভালো স্থান পায়নি বাগান বাহিনী। তার ওপর রয়েছে আর্থিক সমস্যা। চলতি মরশুমের আই লিগে বেশি অর্থ খরচা করে বাগান যে সমস্ত বিদেশীদের নিয়ে এসেছিল তারাও তেমন ভালো পারফরম্যান্স করতে পারেননি আই লিগে। তাই আই লিগ শেষেই নিজেদের তিন জন বিদেশীকে আর্থিক সমস্যার জেরে ছাটাই করেছেন সবুজ মেরুন কর্তারা। বাগানের এই আর্থিক সমস্যাই বর্তমানে এমন এক স্থানে পৌঁছেছে যে তা নিয়ে ক্রমশ অসন্তোষ বেড়ে যাচ্ছে সবুজ মেরুনের অন্দরে।
সমর্থকদের অনেক প্রতিবাদের পরও টনক নড়েনি বাগানের ক্লাব কর্তাদের। আসেনি কোনো ইনভেস্টর কিংবা নামি স্পনসর। এমতাবস্থায় বাগানের আগামী মরশুমের প্রস্তুতি, দলগঠন সমস্তই যেমন বিশবাওজলে তেমনি চলতি মরশুমেও ফুটবলারদের বেতন মেটাতে হিমশিম খাচ্ছেন ক্লাব কর্তারা। আর তা নিয়েই ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে সবুজ মেরুন শিবিরে।
সুপার কাপে দল খেলবে না, তবুও লক্ষ্যহীন ভাবেই চলছে সবুজ মেরুনের প্র্যাকটিস। আর সেই প্র্যাকটিসেও সবুজ মেরুন কোচ ফুটবলারদের একদিন ছুটি দেওয়ার কথা বললেও ক্লাব কর্তারা তা মানেননি। ফলস্বরূপ পরিস্থিতি এগিয়েছে আরও খারাপের দিকে। অনেক সবুজ মেরুন ফুটবলাররাই এবারে ক্ষোভ প্রকাশ করা শুরু করেছেন তাদের বকেয়া বেতন নিয়ে। যদিও ক্লাব কর্তারা পরবর্তীতে ক্ষোভের মুখে জানিয়েছেন যে আগামী সপ্তাহেই ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে, তবুও বলা যায় যে বাগানের পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে কোনো ইনভেস্টর বা নামি স্পনসর আগামী মরশুমেও বাগানে না এলে তাদের পক্ষে ময়দানে ভালো দল নামানোই অসম্ভব হয়ে দাঁড়াবে।





