শনিবার কলকাতা বিমানবন্দরে পা রাখেন মহামেডানের দুই নতুন রিক্রুট আনোয়ার আলি ও হিমাংশু জাংরা। আর শহরে নেমেই ফুটবলের ভালোবাসার উত্তাপ পেলেন এই দুই ফুটবলার। সাদা-কালো ব্রিগেডের কর্তা ও সমর্থকরা বিমানবন্দরে হাজির ছিলেন তাদের স্বাগত জানানোর জন্য। সমর্থকদের এমন ভালোবাসা পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপার।
সমর্থকদের উদ্দেশ্যে ২০ বছরের এই ডিফেন্ডার জানান, “মহামেডানের জার্সি গায়ে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি। মহামেডান সমর্থকদের দারুণ একটি মরশুম উপহার দিতে চাই।”
গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে কার্যত গোটা মরশুম ফুটবলের বাইরে ছিলেন আনোয়ার। ফুটবল কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু দীর্ঘ চিকিতসা এবং কঠিন অধ্যবসায়ের জেরে আবারও ময়দান কাঁপাতে হাজির হলেন আনোয়ার।





