আইলিগের এই মরশুমের বিজেতা হলো মোহনবাগান। মঙ্গলবারই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের লিগ কমিটির এই প্রস্তাবে সিলমোহর দিয়ে বিজয়ী দলের নাম ঘোষণা করল কার্যকরী কমিটি। মোহনবাগানকে এবার সরকারিভাবে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হল।
এই শনিবার চলতি মরশুমে আটকে থাকা ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ঠিক করতেই বৈঠকে বসেছিল ফেডারেশনের লিগ কমিটির কর্মকর্তারা। সেখানেই সবার মতামত নিয়েই সিদ্ধান্ত গৃহীত হয় যে, চলতি মরশুমে আই লিগের আর কোনও ম্যাচ হবে না। তাই তারা AIFF-এর কার্যকরী কমিটির কাছে প্রস্তাব রাখেন, চলতি মরশুমে আইলিগে এবার যেন ইতি ঘোষণা করা হয় এবং মোহনবাগানকে যেন চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয়।
AIFF Executive Committee approves recommendations of League Committee
Read more ▶️ https://t.co/NbtUBzx3DE#IndianFootball ⚽ pic.twitter.com/OltY97ST81
— Hero I-League (@ILeagueOfficial) April 21, 2020
লিগ কমিটির পাঠানো প্রস্তাবেই এবার সম্মতি দিল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি। মঙ্গলবার টুইট করে ফের একবার মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কথা জানিয়ে দেয় এএফসি। তবে বেইটিয়াদের চ্যাম্পিয়ন ঘোষণা করলেও আই লিগ ট্রফি তাঁরা এই মুহূর্তে হাতে পাবেন না। এখন করোনার প্রভাব রুখতে দেশজুড়ে লকডাউন চলছে। চলছে করা নজরদারি। তাই দেশের এই অবস্থার মধ্যে কবে তাদের হাতে ট্রফি পৌঁছবে তা নিশ্চিত করে বলতে পারছেন না ফেডারেশন কর্তারা। করোনা পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই বাগান তাঁবুতে আসবে আইলিগ ট্রফি।
এদিন বৈঠকে মোহনবাগানকে বিজেতা ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া ছাড়াও কমিটি সদস্যরা আরও কিছু সিদ্ধান্ত নেন। ফেডারেশনের কার্যকরী কমিটি এদিন জানিয়ে দিল, প্রথমত এবছর আই লিগে অবনমন থাকছে না। দ্বিতীয়ত চ্যাম্পিয়ন দল বাদ দিয়ে বাদ বাকি পুরস্কার মূল্য অর্থাৎ ১ কোটি ২৫ লক্ষ টাকা আই লিগের বাকি দশটা দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সবশেষে তারা জানান যে এবার আই লিগে থাকছেনা কোনও ব্যক্তিগত পুরস্কার অর্থাৎ সর্বোচ্চ গোলদাতা, আই লিগের সেরা ফুটবলার, সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডার আর সেরা মিডফিল্ডারকে আলাদা করে পুরস্কৃত করা হবে না।





