আইএসএলে বাধ সাধতে পারে কংগ্রেস, বিক্ষোভ করে আটকে দেওয়া হল মুম্বই সিটির টিম বাস

করোনা আবহ কাটিয়ে দেশে শুরু হচ্ছে ফুটবলের আসর। একদিন পরেই আগামী ২০ নভেম্বর থেকে গোয়ায় শুরু হচ্ছে আইএসএল। এই টুর্নামেন্টের জন্য প্রায় সব দলের চূড়ান্ত প্রস্তুতি চলছে। এরই মধ্যে ঘটে গেল এমন ঘটনা যার জন্য ফুটবলের মধ্যে এল রাজনৈতিক ছাপ। এবার আইএসএলের সমস্ত কাজে রয়েছে রাজ্যের বহিরাগতরা। অর্থাৎ রাজ্যের ভিতরের কোনও সংস্থা নেই। যার জেরেই বিক্ষোভ দেখাল গোয়ার প্রথম রাজনৈতিক দল কংগ্রেস।

বহিরাগত সংস্থার সঙ্গে চুক্তি করে রাজ্যের মানুষদের অবহেলা করছে আইএসএল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির। সেই ক্ষোভ থেকেই বুধবার বিকেলে গোয়ার নগাঁও পঞ্চায়েতের মাঠের কাছে মুম্বই সিটি এফসির টিম বাস আটকে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস কর্মীরা। ফুটবলারদের অনুশীলন করতে যাওয়ার পথেই দলিয় কর্মীরা বিক্ষোভ দেখায়। আর এই বিক্ষোভের জেরে ফুটবলাররা আর বাস থেকে নামতে পারেনি।

তারা অভিযোগ করতে থাকে মুম্বই ফুটবলারদের ওই বাসটি ছিল উত্তরপ্রদেশের। তাই তাঁদের নামতে দেওয়া হয়নি।

এর ফলে রীতিমতো লজ্জায় পড়তে হয় আইএসএল কর্তৃপক্ষকে। তবে সমস্যার সমাধানে বৃহস্পতিবার আইএসএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দীগম্বর কামাত এবং গোয়া প্রদেশ কংগ্রেস সভাপতি গিরিশ চোড়ানকর। আর সমস্যা সমাধান না হলে আবারও বিক্ষোভ দেখাতে পারে কংগ্রেস। তাই টুর্নামেন্ট শুরুর আগেই মিটিয়ে ফেলতে হবে ঝামেলা।

আরও অন্যান্য খবর