লকডাউনের জেরে যখন সব কাজে ভাটা পড়েছে তখনই আগামী মরশুমের জন্য দল গোছাতে কোমর বেঁধে নেমেছে ইস্টবেঙ্গল। মোহনবাগানের আই লিগ জয়ী দলের সদস্য চুলোভাকে দলে ফিরিয়ে নিল লাল-হলুদ। গত মরশুমে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দেন মিজোরামের এই সাইড ব্যাক। কিন্তু ভিকুনার প্রথম একাদশে সেভাবে সুযোগ পাননি। তাই নতুন মরশুমে পুরনো দলে ফিরে এলেন চুলোভা।
মোহনবাগানের আই লিগ জয়ী দলের আর এক সদস্য ভিপি সুহেরকেও দলে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে কেরলের স্ট্রাইকারের সঙ্গে অনেক দূর কথা এগিয়েছে লাল হলুদ কর্তাদের। চলতি আই লিগে প্রায় সব ম্যাচই খেলেছিলেন সুহের।
তেমনই নতুন মরশুমে ইস্টবেঙ্গলের কালো ঘোড়া হতে পারেন এটিকে’র তারকা স্ট্রাইকার বলবন্ত সিং। তাঁকে দু’বছরের চুক্তিতে সই করিয়েছে লাল হলুদ। এবার ইস্টবেঙ্গলের নজরে পাঞ্জাবি ডিফেন্ডার গুরতেজ সিং। গত মরসুমে হায়দ্রাবাদ এফসির হয়ে ১৩টা ম্যাচ খেলেছিলেন ৩০ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার। চার্চিল ব্রাদার্স, বেঙ্গালুরু এফসি, এফসি পুনে সিটির মতো দলে খেলার অভিজ্ঞতা রয়েছে গুরতেজের। সব ঠিকঠাক চললে বলবন্তের পর দ্বিতীয় পাঞ্জাবি ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপাতে চলেছেন গুরতেজ।
এটিকে-র ডিফেন্সিভ মিডফিল্ডার শেহনাজ সিংয়ের সঙ্গেও কথা হয়ে রয়েছে লাল হলুদ কর্তাদের। শেহনাজকে পেয়ে গেলে মাঝ মাঠ আরও শক্তিশালী হবে ইস্টবেঙ্গলের। মাঝমাঠ শক্তিশালী করতে দুই প্রধানে খেলে যাওয়া শেহনাজ সিং-কেও নিতে মরিয়া লাল-হলুদ। তাই বলাই বাহুল্য দেশজোড়া লকডাউনের মধ্যেও নিজেদের কাজ প্রায় গুছিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল।





