করোনার জেরে একটি একটি করে সব খেলাই এখন বন্ধের খাতায়। এবার করোনার জন্য ভারত সফর বাতিল করল ইপিএল জায়ান্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি বছরের জুলাই মাসেই কলকাতায় ইস্টবেঙ্গলের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে আসার কথা ছিল ইংল্যান্ডের এই বিখ্যাত দলটির। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু চলতি এই বিশ্বব্যাপী সংকটের দরুন সব ভেস্তে গেল।
২০১৯ সালে নভেম্বরে কলকাতায় এসে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করে যায় ম্যান ইউ এর বিশেষ প্রতিনিধি দল। এরপর মাঠ-হোটেলসহ সমস্ত পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন তারা। এরপর এই ম্যাচকে ঘিরে চলতে থাকে কত উত্তেজনা, উন্মাদনা। দর্শকদের মধ্যেও এই ম্যাচের প্রবল আনন্দ জমাট বাঁধতে থাকে। কিন্তু ঐতিহাসিক ম্যাচ ঘিরে সব পরিকল্পনা ভেঙে দিল এই মারণ ভাইরাস। অন্যদিকে মার্চ মাস থেকে বন্ধ ইপিএল। কবে এই ভাইরাস কাটিয়ে তা শুরু হবে কেউ জানে না। নতুন মরশুম শুরু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
ফিফার মেডিকেল কমিটির প্রধান জানিয়ে দিয়েছেন যে সেপ্টেম্বর মাসের আগে ফুটবল শুরু করা ঠিক হবে না। তাছাড়া খেলোয়াড়রাই বা কি করে আসবেন বিদেশ থেকে? আন্তর্জাতিক বিমান চলাচলও এই মুহূর্তে পুরোপুরি বন্ধ। এই পরিস্থিতিতে ভারত সফর বাতিল করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ভালো খবর, যে বিখ্যাত ক্লাবটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতায় সেই ঐতিহাসিক ম্যাচ খেলতে আসার পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত করতে চায় তারা।





