কলকাতায় (Kolkata) যেন কিছুই ঠিক হচ্ছে না। আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) ঘটে গেছে এক নৃশংস ঘটনা। সেই বিষয়ে সকলেই কমবেশি জানেন। সেই ঘটনায় কলকাতার দুর্গাপুজো (Durga Puja) যেন এবার অনেকটা ফ্যাকাশে। উৎসবমুখর হতে পারছে না বাঙালী। সেরকমই যেন ফ্যাকাশে হয়ে পড়েছে কলকাতার ফুটবল। এই প্রথমবার আইএসএলে (ISL) একসাথে দেখা যাচ্ছে কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল (East Bengal ),মোহনবাগান (Mohunbagan) এবং মহামেডানকে (Mohamedden)। কিন্তু কোন দলই এখনও পর্যন্ত দেখতে পাইনি জয়ের মুখ।
মহামেডান হেরেছে একটি ম্যাচ এবং ড্র করেছে একটি ম্যাচে। ইস্টবেঙ্গল তাদের দুটি ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে। দেখেছে হারের মুখ। মোহনবাগান প্রথম ম্যাচ ড্র করেছে মুম্বাই এর সাথে। আজ তারা তাদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে। আজ যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের কিক অফ টাইম সন্ধে ৭:৩০ টায়।
আজকের ম্যাচে নামার আগে বেশ কিছু বিষয় নিয়ে চাপে আছে সবুজ মেরুন বাহিনী। দলের মধ্যে এখনও সেরকম বোঝাপড়া তৈরি হয়নি। বিদেশি খেলোয়াররা আনফিট। তার মধ্যে এগিয়ে গিয়েও গোল খাওয়ার প্রবণতা চিন্তার ভাঁজ ফেলেছে কোচ হোসে মলিনার কপালে। আজকের প্রতিপক্ষ নর্থইস্টের বিপক্ষেই ডুরান্ড কাপের ফাইনালে ২-০ গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ম্যাচ শেষ হয়। সেখান থেকে ট্রাইবেকারে হেরে যায় মোহনবাগান। আজ বদলার ম্যাচে কেমন খেলে মোহনবাগান এখন সেটাই দেখার।
যদিও ম্যাচের আগে বেশী ভাবতে নারাজ সবুজ মেরুনের হেডস্যার হোসে মলিনা। তিনি জানান ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়া ছাড়া আর কিছুই ভাবছেন না তিনি। ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচের কথা প্লেয়ারদেরও মাথা থেকে বের করে দিতে বলেছেন কোচ। একটা নতুন ম্যাচ হিসেবে পুরোটাকে দেখছেন হোসে মলিনা। তিনি জানান পুরো ৯০ মিনিট তার একটাই স্ট্যাটেজি। ‘ভালো খেলা’! হ্যাঁ, কোচ হোসে মলিনা পুরো ম্যাচে ভালো খেলেই ৩ পয়েন্ট তুলে আনতে চাইছেন আজকে।
এর মধ্যেই গ্যালারিতে উঠেছে ‘গো ব্যাক মলিনা’ স্লোগান। আজ আশানুরূপ ফল না হলে আরও চাপ বাড়বে কোচ হোসে মলিনার উপর। এই প্রসঙ্গে কোচ জানিয়েছেন যে তিনি নতুন এসেছেন। দলে যোগ দিয়েছে বেশ কিছু নতুন ফুটবলারও। তাই বোঝাপড়া গড়ে উঠতে কিছুটা সময় লাগছে। তবে পরিস্থিতি এখন আগের থেকে অনেকটাই ভালো বলে দাবি করেছেন সবুজ মেরুনের হেডস্যার। তার কথার প্রতিফলন আজ মাঠে হয় কিনা এখন সেটাই দেখার।





