মাঠে বল গড়াতে বাকি নেই বেশীদিন! কলকাতার তিন প্রধানই এবার সামিল ময়দানের লড়াইয়ে, তার আগেই বদলে গেল ইন্ডিয়ান সুপার লীগের খোলনলচে!

আর মাত্র কটা দিনের অপেক্ষা। অধীর আগ্রহে ১৩ সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করছেন ভারতীয় ফুটবল প্রেমীরা। কারণ সেইদিন থেকেই দামামা বেজে উঠবে আইএসএলের (ISL)। এই প্রথম ১৩ দল নিয়ে হবে আইএসএলের লড়াই। ইস্টবেঙ্গল, মোহনবাগানের লড়াইয়ের জন্য এমনিতেই উত্তেজনা থাকে তুঙ্গে। এবছর আবার মহামেডান স্পোর্টিংও খেলবে আইএসএল। ফলে কলকাতার তিন প্রধানকেই এবার একসাথে দেখা যাবে মাঠের লড়াইয়ে।

১৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে আগের বারের লীগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজায়েন্টস ও আইএসএল কাপ জেতা মুম্বাই সিটি এফসি। ১৪ তারিখ পরের দিনই মাঠে নামছে ইস্টবেঙ্গল। ব্যাঙ্গালুরুতে গিয়ে তাদের খেলতে হবে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে। মহামেডান তাদের প্রথম আইএসএল ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর। তাদের প্রতিপক্ষ সদ্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া নর্থইস্ট ইউনাইটেড। এই ম্যাচটি হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়েন্টসের ডার্বির দিন হয়েছে ১৯ অক্টোবর।

এবছর আইএসএলে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। ক্রিকেটে যেমন রয়েছে কনকাশান সাব, তেমনই এবার থেকে আইএসএলেও দেখা যাবে এই নিয়ম। এই নিয়মের ফলে কোনও প্লেয়ারের যদি মাথায় আঘাত লাগে এবং সেই প্লেয়ার যদি সেই ম্যাচে আর না খেলত সক্ষম হন তার পরিবর্তে ‌অন্য ফুটবলার নামানো যাবে। প্রতিটি দলের কাছে একটি কনকাশন‌ সাব করার সুযোগ থাকবে প্রতিটি ম্যাচে।

এছাড়াও আরেকটি যে নিয়ম আনা হচ্ছে, সেটি হল প্রত্যেকটি দলকেই একজন ভারতীয়কে সহকারী কোচ হিসেবে দলে রাখতে হবে। কোনও দলের প্রধান কোচ যদি দ্বায়িত্ব ছেড়ে দেন বা তাকে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ওই ভারতীয় সহকারী কোচকেই দলের অন্তর্বর্তী কোচ করতে হবে। তবে সেই ভারতীয় কোচের এএফসির এ লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক।

এছাড়াও আরেকটি নিয়ম হল, খেলার মধ্যে কোনও ফুটবলার যদি লালকার্ড দেখেন এবং তার দল যদি মনে করে সেই কার্ড দেখানোর সিদ্ধান্ত যথাযত হয়নি সেক্ষেত্রে আইএসএল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো যাবে। তবে এবারও থাকছে না ভার (VAR) সিস্টেম। আইএসএল শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর। সব ম্যাচ সরাসরি দেখানো হবে স্পোর্টস ১৮ চ্যানেলে। জিও সিনেমাতেও দেখা যাবে খেলা। ম্যাচের সময় সন্ধ্যা ৭:৩০ টা । কিছু ম্যাচ বিকেল‌ ৫টায় হবে।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles