আর জি কাণ্ডের আবহের মধ্যেই এবার অস্বাভাবিক মৃত্যু বিশ্বভারতীর ছাত্রীর, কী কারণে মৃত্যু? আতঙ্কের ছায়া গোটা ক্যাম্পাসে, তদন্তে পুলিশ

এই মুহূর্তে আর জি করের ঘটনা নিয়ে উত্তাল গোটা রাজ্য। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ চলছে দিকে দিকে। এই ঘটনার মধ্যেই এবার আরও এক ছাত্রীর রহস্যমৃত্যুর খবর মিলল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক মৃত্যু এক ছাত্রীর যা নিয়ে গোটা ক্যাম্পাসে ছড়িয়েছে আতঙ্ক ও উত্তেজনা।

জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম অনামিকা সিংহ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিল্প সদনের স্নাতক তৃতীয় বর্ষের পড়ুয়া তিনি। বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীতে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই একা একা থাকছিলেন ওই ছাত্রী। সকলের সঙ্গে কথাও কম বলছিলেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আম্রপালি হোস্টেলে থাকতেন ওই ছাত্রী। ছাত্রী মৃত্যুতে ছড়িয়েছে উত্তেজনা।

সূত্রের খবর, গতকাল, বৃহস্পতিবার শিক্ষল দিবস উপলক্ষ্যে শিল্প সদনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেও ছিলেন না ওই ছাত্রী। হঠাৎই শোনা যায়, তিনি অসুস্থ। হোস্টেল কর্তৃপক্ষের তরফেই তাঁকে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওই ছাত্রীকে নিয়ে যাওয়া বোলপুর মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানে মৃত্যু হয় ওই পড়ুয়ার।

তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বেশ কিছুদিন ধরেই একা থাকছিলেন ওই পড়ুয়া। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা হলেও হতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার। হোস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন ওই ছাত্রী একা একা থাকছিলেন, হঠাৎ কীভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি, এমন সব প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মধ্যে।

আরও পড়ুনঃ সন্দীপ সিবিআই হেফাজতে, এবার তাঁর দুয়ারে ইডি, আর্থিক দুর্নীতি মামলায় আরও বড় বিপাকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ

ছাত্রী মৃত্যুতে মর্মাহত বিশ্ববিদ্যালয়ের বাকি পড়ুয়ারা। শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যেও বেশ আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় তদন্ত না হওয়া পর্যন্ত মুখ খুলতে রাজি নয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনও গুজব না ছড়ায়।  

RELATED Articles