বহু প্রতীক্ষার পর ১০ মার্চ যুবভারতীতে রাত সোয়া আটটায় বল গড়াবে ডার্বির। হাতে মাত্র আর দুদিন। তারপরেই বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি (Derby)।ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে অন্তত ৫০ হাজার দর্শক সেদিন হাজির হবেন। ম্যাচ (Derby) শেষ হতে বাজবে প্রায় রাত সাড়ে এগারোটা। দর্শকদের রাতে ফেরার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে পরিকল্পনা করা হয়।অতিরিক্ত বাস ও মেট্রো চেয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিল ইস্টবেঙ্গল ক্লাব। রাত সাড়ে এগারোটা নাগাদ অতিরিক্ত বাসের ব্যবস্থার রাখার আর্জি জানানো হয়েছে।
উল্লেখ্য, এই ডার্বি ম্যাচের দিন অধিক পরিমাণে পরিবহন পরিষেবা প্রদানের জন্য বিশেষ চিঠি প্রেরণ করা হয় রাজ্যের পরিবহন দফতর ও মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে। যেখানে প্রায় রাত এগারোটার ও বেশি সময় পর্যন্ত বিভিন্ন রুটের বাস ও মেট্রো পরিষেবা প্রদানের আর্জি জানানো হয়। ধর্মতলা থেকে শুরু করে বারাসত, বেহালা,উল্টোডাঙা, গড়িয়া সহ হাওড়া ও শিয়ালদহ রুটের জন্য অধিক বাস পরিষেবা প্রদানের উল্লেখ করা হয়েছে। ইস্ট-ওয়েস্ট রুটে অতিরিক্ত মেট্রো চালানোর আর্জিও জানানো হয়েছে। রাত সোয়া এগারোটা নাগাদ যুবভারতী থেকে একটি মেট্রো রাখার আবেদন করা হয়েছে।
জানা যাচ্ছে, এই ডার্বি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব। ক্লাবের এই সিদ্ধান্ত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করেছে মোহনবাগান। ডার্বি বয়কটের কারণ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। টিকিটে দামের বৈষম্যের কারণে ডার্বি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন শিবির।
এই ডার্বির পিছু ছাড়ছে না জট। প্রথমের দিন তারপরে সময় আর এখন টিকিটের দাম নিয়ে নতুন করে সমস্যা তৈরি হয়েছে। এবারের ম্যাচ আয়োজনের দায়িত্বে রয়েছে ইস্টবেঙ্গল। টিকিটের দাম নির্ধারণের দায়িত্ব তাদের ওপর। টিকিটের দাম প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক । দুই দলের টিকিটের মধ্যে দামের বৈষম্য দেখা গিয়েছে। আয়োজক দল ইস্টবেঙ্গল সমর্থকদের টিকিটের দাম কম রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে।এদিকে মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম অপেক্ষাকৃত বেশি।
https://twitter.com/Mohun_Bagan/status/1765663267773710361
টিকিটের দামে বৈষম্য প্রসঙ্গে আগেই প্রতিবাদ জানিয়েছিল মোহনবাগান। এবার বড় পদক্ষেপ নিল মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব। মোহনবাগান ক্লাবের তরফে পোস্ট করা হয়েছে এক বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অ্যাওয়ে ক্লাবের সমর্থকদের প্রায় দ্বিগুণ দামে টিকিট কাটতে হচ্ছে, এই দৃশ্য ফুটবল বিশ্বে বিরল। ইস্টবেঙ্গল ক্লাবের এই লজ্জাজনক সিদ্ধান্ত সুন্দর এই খেলাকে কালিমালিপ্ত করেছে, আঘাত করেছে সমর্থকদের আবেগে… এই ঘটনার প্রতিবাদে ১০ মার্চে হতে চলা ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের কোনো টিকিট কেনা বা বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বলা যেতে পারে আমরা এই ডার্বি বয়কট করছি”।





