একইদিনে একই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। বাংলায় ন্যায় যাত্রা করতে আসছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তা নিয়ে একটা চাপা উত্তেজনা রয়েছেই। এরই মধ্যে এবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মালদহ জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। যা নিয়ে নতুন করে তৈরি হল বিতর্ক।
বাংলায় আসছেন রাহুল গান্ধী তিনি যে পথে বিহার থেকে বাংলায় প্রবেশ করবেন সেই পথেই একের পর এক কর্মসূচি রয়েছে তৃণমূলেরও। তা নিয়ে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। এবার এসবের মধ্যেই বিরোধীদের গ্রামে ঢুকতে না দেওয়ার, তাদের হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সী।
কী বলেছেন মালদহ জেলা সভাপতি?
উত্তর মালদহের ভালুকার এক সভা থেকে আব্দুর রহিম বক্সী বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “জেনে রাখো তৃণমূল কংগ্রেসের কর্মীরা তোমাদের ওই দাঁত-হাত-পা ভেঙে চুরমার করে দেবে। নরখাদকের প্রতিটা দাঁত ভেঙে দেব আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে। গোটা দেশকে পথ দেখাবে বাংলা”।
এরপরই ১০০ দিনের কাজের টাকা বঞ্চনার প্রসঙ্গ তোলেন তৃণমূল নেতা। এই নিয়েই বিজেপি সাংসদ খগেন মুর্মুকে তোপ দাগেন তিনি। বলেন, বঞ্চিতরাই তাঁকে জুতোর মালা পরাবেন। তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কী প্রতিক্রিয়া বিজেপি সাংসদের?
তৃণমূল নেতার এহেন মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “রাস্তাঘাট, গ্রাম কি তৃণমূল কংগ্রেসের সম্পত্তি? আমি তো সব জায়গায় যাচ্ছি। রতুয়া যাচ্ছি, চাঁচল যাচ্ছি। বিজেপি মানুষের সেবা করে। তৃণমূল কংগ্রেস হচ্ছে খাদক। এরা সবটাই খায়। কেন্দ্রীয় সরকার শৌচালয় তৈরির জন্য যে টাকা দিচ্ছে সেটাও এরা খায়। তৃণমূল কংগ্রেস সব খায়। এরা সর্বভুক। আসলে ওরা নিজেরা আতঙ্কে ভুগছে। মানুষ কখন তাঁদের হাত-পা ভেঙে দেয় সেই আতঙ্কে ভুগছে। মানুষ জানে এরা চোর-ডাকাত। কয়লা-পাথর সব খাচ্ছে। রাজ্যকে শেষ করে দিল। মানুষকে বিভ্রান্ত করে চলেছে”।





