ফের আক্রান্ত রক্ষাকর্তারাই! উড়ে এল ডাব-ইট-বাঁশ, নদিয়ার পর এবার ময়নায় হামলা পুলিশের উপর

ফের একবার হামলা রক্ষাকর্তাদের উপরই। ফের একবার আক্রান্ত পুলিশ। নদিয়ার পর এবার ময়না। টহলদারির সময় পুলিশ কর্মীদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই হামলায় এক পুলিশ অফিসার-সহ চারজন পুলিশকর্মী আহত হয়েছেন।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে গতকাল, শনিবার ময়নার বাকচায়। জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ৯টা নাগাদ ময়না থানার ডিউটি অফিসার ঈশ্বর সিংয়ের নেতৃত্বে টহল দিচ্ছিলেন ৬ জন পুলিশ কর্মী। সেই সময় হঠাৎ ময়নার বাকচার নিমতলায় পৌঁছে চিৎকার চেঁচামেচি শুনতে পান তারা। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্মীরা।

সেখানে যেতেই তাদের ঘিরে ধরে দুষ্কৃতীরা। তারা স্থানীয় বাসিন্দা বলেই জানা যাচ্ছে। এরপরই পুলিশের উপর হামলা চালায় তারা। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ডাব, ইট, বাঁশ। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। গাড়ির কাচ ভাঙে হামলায়। এই হামলার ফলে আহত হন ৬ জন পুলিশ কর্মী। তাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।    

কেন এমন হামলা?

কী কারণে এই হামলা হল পুলিশ কর্মীদের উপর, তা এখনও স্পষ্ট নয়। কারা এই কাণ্ড ঘটাল বা রাতের অন্ধকারে পুলিশের উপর হামলার কী উদ্দেশ্যই বা ছিল দুষ্কৃতীদের, তাও এখনও জানা যায়নি। গোটা ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ময়না থানা পুলিশ। তদন্ত শুরু করে দিয়েছেন তারা। কে বা কারা পুলিশের গাড়িতে হামলা চালাল, তা জানার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, এটাই প্রথমবার নয়। এর আগেও নদিয়ার ভীমপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন পুলিশ কর্মীরা। মহিলারা দুই পুলিশ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে মা’র’ধ’র করেন। ঘটনাস্থলে পরে উপস্থিত হয় পুলিশ বাহিনী। তারা গিয়ে পুলিশ কর্মীদের উদ্ধার করে। সেই ঘটনার রেশ এখনও কাটে নি। আর এরই মধ্যে ফের আক্রান্ত পুলিশ কর্মী।  

আরও অন্যান্য খবর