শঙ্করের সংস্থার মাধ্যমেই কালো টাকা সাদা? জেলে জ্যোতিপ্রিয়কে জেরা করল ইডি, রেশন দুর্নীতিতে সামনে এল বড় তথ্য…

রেশন দুর্নীতি মামলায় আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে জেলের মধ্যেই জেরা করতে গতকাল, বুধবার ইডির একটি টিম যায় প্রেসিডেন্সি জেলে। আদালতের অনুমতিপত্র ছিল তদন্তকারীদের কাছে। জেরাতেই সামনে এল বড় তথ্য।    

এদিন জ্যোতিপ্রিয়কে দুপুর থেকে বিকেল পর্যন্ত রেশন দুর্নীতি নিয়ে জেরা করেন ইডি আধিকারিকরা। কীভাবে এই দুর্নীতিতে লেনদেন হয়েছে, তা নিয়ে প্রশ্ন করেন প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। জানা গিয়েছে, এদিন ইডি জানতে চায়, জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা ধৃত শঙ্কর আঢ্যর মাধ্যমে বিদেশে পাচার হয়েছিল কী না। এমনকি, শঙ্করের সংস্থার সঙ্গে বালুর কোনও যোগাযোগ ছিল কী না, এও জানতে চাওয়া হয় বলে খবর। ইডি সূত্রে খবর, প্রয়োজনে ফের বালু বা বাকিবুরকে জেরা করা হবে।  

প্রসঙ্গত, প্রথমে বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয় রেশন দুর্নীতিতে। সেই সূত্র ধরেই এই দুর্নীতিতে নাম আসে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। গত বছর গ্রেফতার হন তিনি। এরপর গত ৫ জানুয়ারি গ্রেফতার হন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ টাকা। জ্যোতিপ্রিয়র লেখা চিঠির ভিত্তিতেই গ্রেফতার করা হয় শঙ্করকে।   

ইডির দাবী, শঙ্করের সংস্থা ফ্লোরেক্সের মাধ্যমেই রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। এই দুর্নীতির টাকা ওই সংস্থার মাধ্যমেই বিদেশে পাচার হয়েছে বলে দাবী ইডির। দুবাইতেও খোঁজ মিলেছে শঙ্করের ছেলের সংস্থার। এই বিষয়ে জানতেই বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে বালুকে জেরা করে ইডি। ফের তাঁকে বা বাকিবুরকে জেরা করা হতে পারে বলেও খবর।  

RELATED Articles