চলছে প্রেমের সপ্তাহ। এর আগেই চমকাই উধাও হয়ে গিয়েছিল শীত। কিন্তু ফের বঙ্গের দুয়ারে হাজির শীত। কলকাতায় নামল তাপমাত্রা। সরস্বতী পুজো হোক বা ভ্যালেন্টাইনস ডে, বিশেষ সেই দিন বেশ ঠাণ্ডার আমেজেই কাটবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আর ১৬ ডিগ্রির কাছাকাছিই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল প্রায় ৬৬ থেকে ৯২ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখন থেকে সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রা মোটামুটি ওঠানামা করবে। সপ্তাহান্তে বেশ ভালোই অনুভূত হবে শীতের আমেজ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমবে। কলকাতার তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির কাছাকাছি। জেলার তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কম থাকবে।
কেন হঠাৎ এই পারদ পতন?
আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে বঙ্গে ফের ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। সেই কারণেই কমছে তাপমাত্রা। তবে এই ঠাণ্ডা বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাল হাওয়া অফিস। বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই। সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেওয়া শুরু হবে শীতের।
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে এখন আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী দু’দিন সকালের দিকে কুয়াশা দেখা গেলেও বেলা বাড়তেই পরিষ্কার হবে আকাশ। রোদের দেখা মিলবে। উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে বটে। মালদহ, দুই দিনাজপুর ও জলপাইগুড়িতে কুয়াশার দাপট দেখা যাবে বলে জানাল আবহাওয়া দফতর।
বাকি রাজ্যের পরিস্থিতি কেমন?
আগামী দুদিন পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতেও কমবে তাপমাত্রা বলে জানা যাচ্ছে। বিহার, ত্রিপুরা, অসম, মেঘালয়, মিজোরামে বজায় ঘন কুয়াশার দাপট থাকবে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টি ও তুষারপাত হতে পারে।





