সব জল্পনার অবসান! ছাড়ছেন না সাংসদ পদ, লোকসভা ভোটে ফের ঘাটালের প্রার্থী দেবই, অভিষেকের সঙ্গে বৈঠকে কাটল জট

বিগত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে দেবের নাম খুব বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার শেষ নেই। একদিকে যখন সকলে একপ্রকার ধরেই নিয়েছেন যে দেব তৃণমূল ছেড়ে বেরিয়ে আসছেন, তখনই এল এক ঝটকা। তৃণমূলের গোপন সূত্র বলছে, দেব কোথাও যাচ্ছেন না। সাংসদ থাকছেন তিনি। আর সব ঠিকঠাক থাকলে লোকসভা নির্বাচনে তিনিই ফের ঘাটালের প্রার্থী হবেন।  

কয়েকদিন ধরেই দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল। জটিলতা তৈরি হয়েছিল তাঁর দলে থাকা নিয়ে। এসবের মধ্যেই আজ, শনিবার বিকেলে ক্যামাক স্ট্রীটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। সেই বৈঠকের পর তিনি যান কালীঘাটে। দেখা করেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

এই বৈঠকের পরই অবসান ঘটল সমস্ত জল্পনার। জানা গিয়েছে, দেবের দলে থাকা নিয়ে সমস্ত জট কেটেছে। এখন বেশ স্পষ্ট যে দেব দলেই থাকছেন। সাংসদ পদ ছাড়ছেন না তিনি। আর সবকিছু ঠিকঠাক থাকলে তিনিই তৃতীয়বারের জন্য লোকসভা নির্বাচনে ঘাটালের প্রার্থীও হবেন। আর এই সিদ্ধান্ত প্রায় নিশ্চিত বলেই তৃণমূল সূত্রে খবর।

সিনেমা ও রাজনীতি, এই দুই জগতের মধ্যে একটিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দেব। নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে একের পর এক ছবি বানানোর বেশ চাপ রয়েছে। সেই কারণে রাজনীতিতে সময় দিতে পারছিলেন না তিনি। এই কারণেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজনীতিকে এবার বিদায় জানাবেন।

গত সপ্তাহেই ঘাটালে তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এমনকি, গত বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের আগে সংসদে শেষ অধিবেশনেও দেব জানিয়ে দেন, সাংসদ হিসেবে এটাই তাঁর শেষ দিন। এও বলেছিলেন, তিনি সাংসদ থাকুন বা না থাকুন, ঘাটাল তাঁর হৃদয়ে থেকে যাবে।

এমন সব ঘটনার জন্যই সকলের মনেই এই ধারণা হয়েছিল যে দেব আর লোকসভা ভোটে দাঁড়াবেন না। তিনি সাংসদ পদ, এমনকি তৃণমূলও ছেড়ে দেবেন বলে গুঞ্জন উঠেছিল। তবে শনিবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সমস্ত জট কাটল। তৃণমূলেই থাকছেন দেব, এটা স্পষ্ট। আর তিনিই হচ্ছেন ঘাটালের প্রার্থীও।  

আরও অন্যান্য খবর