‘কুছ তো লোগ কহেঙ্গে’, সাংসদ পদে ইস্তফা দিয়েই বড় বোমা ফাটালেন মিমি, ফেসবুকে লম্বা পোস্ট করে নিজের কাজের খতিয়ান দিলেন নেত্রী

২৪ ঘণ্টা আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি। বিধানসভায় এসে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করেই তিনি জানিয়েছিলেন যে রাজনীতি তাঁর জন্য নয়। তিনি আর সাংসদ থাকতে চান না আর আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে চান না। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের কাজের খতিয়ান তুলে ধরলেন প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী।

গতকাল, বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়েই তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, “সাংসদ ফান্ডের কত টাকা কোথায় ব্যবহার হয়েছে, কোথায় কাজ হয়েছে, সেই তথ্য নির্দিষ্ট পোর্টালেই পেয়ে যাবেন। এক নম্বরে কার নাম রয়েছে, সেটা যাচাই করে নিন। আর সেটাই আমার গর্বের কারণ”।

সেই অনুযায়ীই কাজ করলেন মিমি। নিজের সংসদীয় এলাকায় কোন খাতে কত টাকা কীভাবে কাজে লাগিয়েছেন, সেই সমস্ত হিসাব তুলে ধরে ফেসবুকে একটি নাতিদীর্ঘ পোস্ট করলেন তিনি। নিজের এলাকায় এই ৫ বছরে ১৭ কোটি টাকার কাজ করেছেন বলে উল্লেখ করেছেন মিমি। সমস্ত হিসাব দিলেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে।

ফেসবুকে পোস্ট করে এদিন মিমি চক্রবর্তী লেখেন, “আমার জীবন অধ্যায়ের অধিকাংশ সময় অভিনয় জগতে থেকে মানুষকে মনোরঞ্জন করেছি। কিন্তু বিগত ৫ বছর, বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের একজন সাংসদ রূপে যতটা কাজ সাধারণ মানুষের জন্য করতে পেরেছি, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি, সৎপথে থেকে মাথা উঁচু করে এগিয়ে গেছি… সেই সফরের কথা মনে করলে মারাত্মক আত্মতুষ্টি হয়। তাই আনন্দের সাথে বিগত ৫ বছরের আমার সাংসদ রূপে যাবতীয় কাজের খতিয়ান আজ জনসমক্ষে তুলে ধরলাম”।

যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ভাঙড়, যাদবপুর, টালিগঞ্জ, উত্তর সোনারপুর, দক্ষিণ সোনারপুর বিধানসভা কেন্দ্র। কোন বিধানসভা এলাকায় কত খরচ করেছেন, সেই সমস্ত হিসাব এদিন তুলে ধরেন মিমি। লেখেন, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মিমির এমপি ল্যাড থেকে ১৭ কোটি ৬ লক্ষ ২ হাজার ৬২১ টাকা বরাদ্দ করা হয়েছে।

এই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মিমি লেখেন, “আন্তরিক কৃতজ্ঞতা আমার নেত্রী, মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাঁর স্নেহের হাত আমার মাথায় সর্বক্ষণ রাখার জন্য। আগামী দিনে আমি সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, আমার কাজের মাধ্যমে আমি নিশ্চিতরূপে মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকব”।

এদিন পোস্টের ঠিক শেষেই বোমা ফাটালেন মিমি চক্রবর্তী, লেখেন,  “কোভিডের কারণে সেই সময় ফান্ড আসা বন্ধ ছিল”। একথা উল্লেখ করেই তিনি লেখেন, “কুছ তোহ লোগ কাহেনগে, লোগো কা কাম হে কহেনা”!

আরও অন্যান্য খবর