অসুস্থ সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে গেলেন সৌরভ, ফের মহারাজের রাজনৈতিক যোগ নিয়ে তুমুল জল্পনা

সন্দেশখালি যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁকে হাসপাতালে দেখতে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে যাওয়ায় সৌরভকে নিয়ে ফের রাজনৈতিক মহলে শুরু জল্পনা।

বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুকান্ত মজুমদার। গতকাল, শুক্রবার সন্ধ্যে ৭টা ১৫ মিনিট নাগাদ হাসপাতালে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। সুকান্ত মজুমদারের কেবিনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তিনি। কেবিনে ১০ মিনিট মতো ছিলেন সৌরভ। এরপর ৭টা ২৫ মিনিট নাগাদ বেরিয়ে আসেন।

এদিন বিজেপির রাজ্য সভাপতিকে হাসপাতালে দেখতে যাওয়ার পর থেকেই সৌরভকে নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। জানা গিয়েছে, সুকান্ত মজুমদারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন মহারাজ। তবে এছাড়াও আর অন্য কোনও কথা হয়েছে কী না তাদের মধ্যে, তা অবশ্য জানা নেই।   

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক যোগ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। গুঞ্জন ওঠে, সৌরভ বিজেপিতে যোগ দিচ্ছেন। এরপর আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের বাড়িতে নৈশভোজে এলে জল্পনা আরও দৃঢ় হয়। যদিও রাজনীতিতে যোগ দেন নি সৌরভ। তবে এবার লোকসভা নির্বাচনের আগে ফের নতুন করে সৌরভকে নিয়ে শুরু হল জল্পনা।

প্রসঙ্গত, সরস্বতী পুজোর দিন সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হন সুকান্ত মজুমদার। পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তির জেরেই মাটিতে পড়ে জ্ঞান হারান তিনি।  পিঠে ও শিরদাঁড়ায় চোট লাগে তাঁর। এরপর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।  

RELATED Articles