সোমবার রাতের মধ্যেই সক্রিয় হবে বাতিল হওয়া আধার কার্ড, আশ্বাস দিলেন সুকান্ত, তাও পাল্টা কটাক্ষ কুণালের

রাজ্যের নানান প্রান্তের বাসিন্দাদের আধার কার্ড বাতিল হচ্ছে, গত কয়েকদিন ধরে এমন ঘটনার কথা শোনা যাচ্ছে। এই নিয়ে রাজনৈতিক তরজার অন্ত নেই। তবে এবার এই সমস্যার সমাধানে পদক্ষেপ করল বিজেপি। আজ, সোমবার রাতের মধ্যেই বাতিল হওয়া আধার কার্ড সক্রিয় হবে, এমনটাই আশ্বাস দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও এই ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কোথা থেকে উঠেছিল এমন অভিযোগ?   

গত সপ্তাহেই পূর্ব বর্ধমানের জামালপুরের একাধিক বাসিন্দা অভিযোগ করেছিলেন তাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। শুধু পূর্ব বর্ধমানই নয়, দুর্গাপুর, নদিয়া, হুগলি থেকেও এমন অভিযোগ আসে। সেইসব বাসিন্দাদের কাছে চিঠি যায় যে আধার কার্ডের ২৮-এ রেগুলেশনে নিষ্ক্রিয় করা হয়েছে তাদের আধার কার্ড।

এই ঘটনায় সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, রবিবার সিউড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এই নিয়ে গর্জে ওঠেন তিনি। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের অভিযোগ জানানোর জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয় একটি অনলাইন পোর্টাল তৈরির জন্য। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে রাজ্য সরকার সকলের পাশে রয়েছে।    

আধার কার্ড বাতিল সম্পর্কে কী জানালেন সুকান্ত?

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার আশ্বাস দিলেন যে ২৪ ঘণ্টার এই সমস্যার সমাধান হবে। তাঁর কথায়, রাঁচির আঞ্চলিক অফিস থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল আধার কার্ডগুলো। প্রযুক্তিগত কোনও সমস্যার কারণে এমনটা হতে পারে।

সুকান্ত বলেন, “মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জানানোর দরকার নেই। স্থানীয় বিজেপি কার্যালয় যোগাযোগ করুন”। এদিন আরও একবার CAA বা সংশোধিত নাগরিকত্ব আইন লাগুর পক্ষে সওয়াল করেন তিনি। সুকান্ত বলেন, “আপনাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির”।

আধার কার্ড বাতিল প্রসঙ্গে মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি জানান যে কেন্দ্রীয় সরকারের কর্তারা এই বিষয়ে কিছুই জানতেন না। শুভেন্দুর কথায়, ওই কার্ডগুলো UIDAI-এর রাঁচি আঞ্চলিক অফিস থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল।

https://twitter.com/SuvenduWB/status/1759475662669353439?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1759475662669353439%7Ctwgr%5Ed15350f921524376a8978e5872eb891f77d06f4f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Faadhar-card-aadhaar-card-will-be-activated-tonight-assures-sukanta-majumder-suvendu-adhikari-said-it-was-deactivated-from-ranchi-1017507.html

তবে এই ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে পিছপা হলেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু, সুকান্ত যা বলছে তাতে স্পষ্ট বড় কোনও চক্রান্ত শুরু হয়েছিল। তাদের সরকারের লোকজন আধার কার্ড লিঙ্ক কেটে সাধারণ মানুষকে হয়রান করছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করায়, রাজ্য সরকার পাশে থাকবে বলার পর পিছু হঠতে বাধ্য হচ্ছেন। মমতার কড়া অবস্থানে ভয় পেয়ে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছে। আমরা বরদাস্ত করব না”।

আরও অন্যান্য খবর