আশ্চর্য কাণ্ড! পরীক্ষা শেষে খাতার বদলে প্রশ্নপত্রই জমা দিয়ে দিল পরীক্ষার্থী, উত্তরপত্র নিয়ে বাড়ি গেল উচ্চমাধ্যমিকের ছাত্র

উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। আর এর মধ্যে ঘটল এক আশ্চর্য কাণ্ড। পরীক্ষা শেষে উত্তরপত্র জমা না দিয়ে প্রশ্নপত্রই জমা দিয়ে দিল পরীক্ষার্থী। আর উত্তরপত্র নিয়ে বাড়ি চলে যায় ওই ছাত্র। এই ঘটনার ২৪ ঘণ্টা পর সেই উত্তরপত্র উদ্ধার করল পুলিশ।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। জানা গিয়েছে, যে ছাত্র এই কাণ্ড ঘটিয়েছে, সে বরদাকান্ত হাই স্কুলের ছাত্র। উচ্চমাধ্যমিকের জন্য তার সিট পড়ে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে। গতকাল, মঙ্গলবার অর্থনীতির পরীক্ষা ছিল। সেদিনই এক অদ্ভুত কাণ্ড ঘটায় ওই ছাত্র।

জানা গিয়েছে, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দেওয়ার বদলে প্রশ্নপত্রই জমা দিয়ে বাড়ি চলে যায় ওই ছাত্র। আর আরও আশ্চর্যের ঘটনা হল, সেই বিষয়টি নজরেই এল না পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত শিক্ষকদের। পরে উত্তরপত্র মেলানোর সময় দেখা যায়, নির্দিষ্ট সিরিয়ালের উত্তরপত্র পাওয়া যাচ্ছে না। তখন শুরু হয় খোঁজ।

যোগাযোগ করা হয় বরদাকান্ত স্কুলে। সেখান থেকেই ওই ছাত্রের ঠিকানা পাওয়া যায়। শিক্ষকরা পুলিশেও খবর দেন। জানা যায়, ওই পরীক্ষার্থী উত্তরপত্র নিয়েই বাড়ি চলে গিয়েছে। এরপর বুধবার সকালে উচ্চমাধ্যমিক সংসদের আধিকারিক ও স্কুলের শিক্ষকরা ওই পরীক্ষার্থীর বাড়ি যান আর উত্তরপত্র উদ্ধার করেন।

এই গোটা বিষয়টি উচ্চমাধ্যমিক সংসদে জানানো হয়েছে। মনে করা হচ্ছে পরীক্ষা খারাপ হওয়াতেই এই কাণ্ড ঘটিয়েছে ওই ছাত্র। ওই ছাত্রের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় শিক্ষকের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত দুই শিক্ষকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সংসদের এক কর্তা। পরীক্ষা শেষে উত্তরপত্র সঠিকভাবে সাজানো রয়েছে কী না, জমা দেওয়ার সময় সব ঠিকঠাক আছে কী না, সব দেখেই শিক্ষকেরা উত্তরপত্র জমা নেন। এতকিছুর পরেও কিভাবে ওই ছাত্রের ভুল নজরে এল না শিক্ষকদের, তা নিয়ে উঠছে প্রশ্ন। বাড়ি থেকে ফের উত্তরপত্র এভাবে ফেরত আনা যায় কী না, সেই বৈধতা আদৌ রয়েছে কী না, তা নিয়ে উঠছে প্রশ্ন।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর