কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে অনেকদিন ধরেই সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল। এরই মধ্যে এবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গতকাল, মঙ্গলবার ন্যাশানাল লাইব্রেরিতে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিন ফের একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে কথা বললেন তিনি। কেন কেন্দ্র টাকা দিচ্ছে না ১০০ দিনের কাজের, এদিন তাও জানালেন অর্থমন্ত্রী।
কী বলেছেন নির্মলা সীতারমণ?
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, “২৫ লাখ ভুয়ো জব কার্ড বানানো হয়েছে। এই টাকা কীভাবে দেব? এটা কার টাকা? আমার বাবার পয়সা নাকি? না, এটা করদাতাদের টাকা ভাই। ২৫ লাখ ভুয়ো জব কার্ডের জন্য আমি করদাতাদের টাকা কীভাবে দেব”?
এদিন অর্থমন্ত্রী এও জানান যে রাজ্যে কীভাবে ১০০ দিনের কাজের প্রকল্প চলছে। এই প্রকল্পে বেনিয়ম হচ্ছে বলে দাবী তাঁর। নির্মলা বলেন, “যে সব কাজ মনরেগার আওতায় হওয়ার কথা নয়, সেই সব কাজও করানো হচ্ছে। বেসরকারি ক্ষেত্রে কাজের জন্য সরকারি ফান্ড ব্যবহার করা হচ্ছে। চা বাগানে মনরেগার কাজ হচ্ছে। কিন্তু একশো দিনের কাজের প্রকল্প বেসরকারি ক্ষেত্রের জন্য নয়”।
এদিন রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, যে সমস্ত জায়গায় ভুয়ো জব কার্ডের জন্য টাকা গিয়েছে, সেই টাকা ফিরিয়ে এনে সঠিক মানুষকে টাকা দেওয়ার দায়িত্ব ছিল রাজ্যের। কিন্তু রাজ্য সেই কাজ করেনি। টাকা ফেরানোর বদলে রাজকোষ থেকে নতুন করে টাকা দেওয়া হচ্ছে বলে দাবী করেন এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
কী বক্তব্য তৃণমূলের?
নির্মলার এই দাবী প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “পশ্চিমবঙ্গের থেকে বেশি ভুয়ো কার্ড উত্তর প্রদেশে। পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজের টাকা অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে কেন্দ্র। অথচ বাকি রাজ্যগুলির টাকা ভুয়ো কার্ড থাকা সত্ত্বেও রিলিজ করে দিচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সবকিছুই জানেন। যেহেতু বিজেপি শাসিত উত্তর প্রদেশ, তাই তিনি দুর্নীতি দেখতে পান না”।
প্রসঙ্গত, একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রকে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ধর্নাতেও বসেছেন। দিল্লি গিয়ে ধর্না দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই টাকা দ্রুত মেটানোর দাবীতে আগামী ১০ মার্চ ব্রিগেডে জনসভার ডাক দিয়েছে তৃণমূল। এমন আবহে এবার কলকাতায় এসে একশো দিনের প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন নির্মলা সীতারমণ।





