গঙ্গার নিচেও মিলবে নেটওয়ার্ক, কথা বলা যাবে ফোনে, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বিশেষ বন্দোবস্ত করছে মেট্রো কর্তৃপক্ষ

কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করতে শহর ও শহরতলির মানুষরা মেট্রোর উপরেই ভরসা করে থাকেন। আরামদায়ক ও কম সময়ের যাত্রাপথ হলেও মেট্রোতে সবথেকে বড় সমস্যা হচ্ছে নেটওয়ার্ক। এর জেরে মাঝেমধ্যেই বেশ চিন্তায় পড়তে হয় যাত্রীদের।

মেট্রোতে যাতায়াতের সময় ফোনে ঠিকমতো কথা বলা যায় না, ইন্টারনেটও পাওয়া যায় না ঠিকঠাক। কল ড্রপ তো সাধারণ বিষয় হয়ে গিয়েছে। তবে এবার এই সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

কী উদ্যোগ নেওয়া হল?

সমস্ত রুটের জন্য না হলেও, এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে গঙ্গার তলা দিয়ে ছোটা মেট্রো রুটের ক্ষেত্রে। অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে এবার থেকে মেট্রোর ভিতর বসেই অনায়াসেই কথা বলা যাবেন বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। শুধুমাত্র ফোনে কথা বলাই নয়, ইন্টারনেটের কাজ, ডেটা ট্রান্সমিশনের কাজও সহজেই করা যাবে এবার মেট্রোতে।

কীভাবে সম্ভব হবে এমনটা?

জানা গিয়েছে, মোবাইল পরিষেবা প্রদানকারী এক বহুজাতিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা মেট্রো। সংস্থা সূত্রে খবর, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই ৪.৮ কিলোমিটার রুটে থাকা ৪টি স্টেশনে অবিচ্ছিন্ন নেটওয়ার্ক পরিষেবা মিলবে। প্রত্যেক স্টেশনে মাটির তলায় ৩৫ মিটার গভীরে একটি বিশেষ যন্ত্র রাখা থাকবে। দ্রুতই এই পরিকাঠামো তৈরি করা হবে বলে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর।    

মার্চেই উদ্বোধন হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুটের

মার্চে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে এসেই মার্চের প্রথম সপ্তাহেই তিনি গঙ্গার তলা দিয়ে মেট্রো অর্থাৎ হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুটের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। শুধু তাই-ই নয়, নিউ গড়িয়া-রুবি ও জোকা-এসপ্ল্যানেড রুটের তারাতলা-মাঝেরহাট অংশের পরিষেবারও এদিন উদ্বোধন হতে পারে বলে খবর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর