লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। গতকাল, রবিবার ব্রিগেডের ময়দান থেকে লোকসভা ভোটের ৪২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন মুখের দেখা মিলেছে। এদের মধ্যে অন্যতম অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল প্রার্থী হওয়ার পর মুহূর্তেই বিতর্কে জড়ালেন ছোটো পর্দার ‘দিদি নম্বর ১’।
রচনা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলে যোগ দিতে পারেন, সেই জল্পনা ছিলই আগে থেকে। কিছুদিন আগেই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এ খেলতে যান, সেই সময় রচনার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়।
এরপর গতকাল, রবিবার ব্রিগেডের ময়দানে দেখা মেলে রচনা বন্দ্যোপাধ্যায়ের। হুগলি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে লকেট চট্টোপাধ্যায়। অর্থাৎ হুগলি কেন্দ্রের দুই যুযুধান প্রতিপক্ষ। এর আগে দুই অভিনেত্রীকেই একসঙ্গে অনেক সময় একই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এবার রাজনীতির ময়দানে সামনাসামনি তারা।
তবে তৃণমূলের প্রার্থী হয়েই এবার বিতর্কে জড়ালেন রচনা বন্দ্যোপাধ্যায়। নিজের প্রার্থী হওয়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। সন্দেশখালি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মানুষ ঠিক কী বলছে সেটা আগে জানতে হবে। যারা ক্যামেরার সামনে কথা বলছে, তারা সকলেই নির্যাতিত”। এমনকি, সন্দেশখালির নির্যাতিতাদের বহিরাগত আখ্যাও দেন তিনি।
তাঁর এহেন মন্তব্যের পর ক্ষোভ জারি করেন সন্দেশখালির মহিলারা। তাদের প্রশ্ন, তারা আর কী করলে, এটা প্রমাণ হবে যে তারা বহিরাগত নন। অনেকে এও প্রশ্ন করেন, রচনা বন্দ্যোপাধ্যায় টিভির পর্দায় নিজের রিয়্যালিটি শো-তে নারীদের কঠিন লড়াই, অসহায়ত্বের কথা শুনে চোখে জল ফেলেন। তাহলে সন্দেশখালির নির্যাতিতাদের জন্য তাঁর কী কোনও সহানুভূতিই নেই! অনেকে আবার এও প্রশ্ন করেন, তাহলে কী টেলিভিশনের পর্দার সামনে মিথ্যে চোখের জল ফেলেন রচনা। তা না হলে সন্দেশখালির মহিলাদের অত্যাচারিত হওয়ার কথা শুনে তিনি কখনই তাদের বহিরাগত তকমা দিতে পারতেন না।





