‘বেশি পণ্ডিতি ফলাচ্ছেন’, কার উদ্দেশে এমন সম্ভাষণ কুণালের? লোকসভা নির্বাচনের টিকিট না পাওয়ার জেরে ক্ষোভ নয় তো?

জল্পনা ছিল যে তৃণমূলের লোকসভা ভোটের প্রার্থী তালিকায় হয়ত তাঁর নাম দেখা যাবে। কিন্তু গতকাল, রবিবার তৃণমূলের জনগর্জন সভায় প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল তিনি যে সাংসদের বিরুদ্ধে তোপ শানিয়েছিলেন, সেই সাংসদ এবার ফের টিকিট পেলেও, টিকিট পেলেন না তিনি নিজেই। সেই কারণে কী দলের প্রতি ক্ষোভ? এবার সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ।

সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন কুণাল?   

কুণাল লেখেন, “দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণ জল্পনা ছড়াবেন না। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি, থাকব।শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়ার, দিয়ে রেখেছেন। আজও দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা, পূর্ব মেদিনীপুরসহ যেখানে দল যা দায়িত্ব দিচ্ছে, পালন করব”।

https://twitter.com/KunalGhoshAgain/status/1767070428097552656

তাঁর সংযোজন, “যাঁরা অন্যরকম চর্চা করছেন, তাঁরা ভুল করছেন। বাস্তব না বুঝে এঁরা পন্ডিতি ফলান। আমি কুণাল ঘোষ। ২ আর ২ মিলে ৪ ধরবেন না, আমি ২২ করার খেলায় বিশ্বাসী। সেই চেষ্টাই করি”। অর্থাৎ টিকিট না পাওয়ায় যে তাঁর মধ্যে কোনও ক্ষোভ নেই, তেমনটাই জানালেন তৃণমূল নেতা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই দলের এক সাংসদের বিরুদ্ধে ক্ষোভ জারি করেন তিনি। রাতারাতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তৃণমূল মুখপাত্র ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কথাটি মুছে ফেলেন কুণাল। এরপরই শোনা যায়, এই দুটি পদই ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন তিনি। এমনকি, রাজ্যের তরফে দেওয়া নিরাপত্তাও প্রত্যাহার করেন কুণাল।

তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ জারি করেন কুণাল। সুদীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেন তিনি। এরপর সুদীপের বাড়িতে চা আড্ডায় তা নিয়ে মিটমাট হয় দু’পক্ষের মধ্যে। এরই মধ্যে কুণালের টিকিট পাওয়া নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু গতকাল প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা গেল, তালিকায় নাম নেই কুণালের।

আরও অন্যান্য খবর