দীর্ঘদিন কাজ না পেয়ে মানসিক অবসাদগ্রস্ত, অবশেষে ‘যোগমায়া’র হাত ধরে ফের পর্দায় ফিরছেন অমনদীপ, দর্শকের ভালোবাসা পাবেন তো?

সোমবার ১১ মার্চ থেকে জি বাংলায় শুরু হয়েছে ‘যোগমায়া’। এক নারীর ভাল জীবন গড়ার লক্ষ্যে লড়াইয়ের গল্প উঠে এসেছে এই ধারাবাহিকে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন নেহা অমনদীপ এবং সৈয়দ আরেফিন। এই সিরিয়ালের হাত ধরেই অনেকদিন পর পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী নেহা অমনদীপ।

এক দরিদ্র রিকশাচালকের মেয়ে, যে কিনা কলকাতারই এক বস্তিতে থাকে। আর্থিক সংকটের সঙ্গে লড়াই করে সে নিজের জীবনের পথে এগিয়ে চলে। উচ্চাকাঙ্খী হলেও যোগমায়া সত্যের পথেই এগোয়। এমনই এক দরিদ্র পরিবারে মেয়ের লড়াইয়ের গল্প নিয়েই শুরু হয়েছে এই সিরিয়ালের পথ চলা। প্রয়োজনে দুর্নীতির সঙ্গে লড়াই করতেও পিছপা হবেনা সে। তাঁর স্বপ্ন IAS অফিসার হওয়া।

ধারাবাহিকের প্রোমো অনুযায়ী, এক গরিব রিক্সাচালকের মেয়ে যোগমায়া। সারা জীবন দারিদ্রের চিত্র দেখেছে সে, জীবনের প্রতি পদে ধনীদের সঙ্গে নিজেদের জীবনযাত্রার পার্থক্য দেখেছে সে। তবে যোগমায়া উচ্চাকাঙ্খী। সমাজের সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে সে। সে কোনও বাজে কথায় কান দেয় না, পরোয়াও করে না। অদম্য সাহস তাঁর। অন্যদিকে ধারাবাহিকের নায়ক রেহান চট্টোপাধ্যায়। সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান, তাদের পরিবারের সকলেই ডাক্তার। কিন্তু রেহান নিজে ডাক্তারি পড়তে চায়নি। সে সঙ্গীতশিল্পী হতে চায়। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে সে।

এই সিরিয়ালের পরিচালনার দায়িত্বে আছেন স্নেহাশিস চক্রবর্তী। চিত্রনাট্য ও সঙ্গীত পরিচালনাও তাঁরই। নেহা অমনদীপ, সৈয়দ আরেফিন ছাড়াও আরও রয়েছেন অনন্যা, চাঁদনি মুখোপাধ্যায়, মিমি দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা ৬টায় দেখা যাবে এই ধারাবাহিক।

‘যোগমায়া’ চরিত্রটি নিয়ে নেহা জানান, ‘সাউথ পোর্ট পুলিশ স্টেশনে আজ শ্যুটিং করছি। অনেকদিন পর টেলিভিশনের পর্দায় ফিরছি, তাই আমি খুবই উচ্ছ্বসিত।’ ধারাবাহিকের নায়ক রেহান অর্থাৎ অভিনেতা সৈয়দ আরেফিন বলেন, ‘আমরা এই মুহূর্তে শ্যুটিং সেটেই রয়েছি। এই ধারাবাহিকের গল্প এক্কেবারেই অন্যরকম। তাই আমার ভালো লেগেছে।’

প্রসঙ্গত, জি বাংলা-র ‘স্ত্রী’ ধারাবাহিক দিয়েই বাংলা টেলিভিশনে পা রাখেছিলেন নেহা আমনদীপ। সান বাংলার ‘কনে বউ’ সিরিয়ালে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। এরপর জানা গেছে দীর্ঘ সময় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাই বহুদিন অভিনয় থেকে দূরেই ছিলেন। আবারও বহুদিন পর পর্দায় নতুন মেগা ‘যোগামায়া’র হাত ধরে তিনি অভিনয়ে ফিরলেন।

আরও অন্যান্য খবর