মনে পড়ে ২০১৯ সালের কথা? লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে দীর্ঘদিনের সঙ্গী দল তৃণমূলকে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে সাংসদ হন ব্যারাকপুর কেন্দ্র থেকে। সেই ঘটনারই যে পুনরাবৃত্তি হতে চলেছে, তেমনটাই জল্পনা শুরু হয়েছে দু’দিন ধরে। আর অর্জুন সিংয়ের কর্মকাণ্ডও তো তেমনই ইঙ্গিত দিচ্ছে।
তবে অর্জুন সিংকে হাতছাড়া করতে নারাজ তৃণমূলও। সূত্রের খবর, অর্জুনকে দলে ধরে রাখতে এবার তাঁকে বিকল্প প্রস্তাব দিয়েছে ঘাসফুল শিবির। কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন তৃণমূলের দীর্ঘদিনের পথচলার সাথী তাপস রায়। ফলে বরানগর বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে বিধায়কহীন।
তৃণমূলের অন্দরের খবর, সেই বিধানসভা কেন্দ্র থেকেই উপনির্বাচনে অর্জুনকে লড়ার প্রস্তাব দিয়েছে তৃণমূল। শুধু তাই-ই নয়, অর্জুনকে মন্ত্রিসভাতেও জায়গা দেওয়া হতে পারে বলে খবর। তবে অর্জুন এখনও পর্যন্ত এই প্রস্তাবে সাড়া দেন নি বলেই জানা গিয়েছে। তিনি এখনও জেদ ধরে রয়েছেন যে তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকেই লড়বেন।
প্রসঙ্গত, গত রবিবার ব্রিগেডের সভা থেকে লোকসভা নির্বাচনের জন্য ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সেই ৪২ আসনের মধ্যে ঠাঁই হয়নি অর্জুন সিংয়ের। তিনি চেয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়তে। কিন্তু সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে পার্থ ভৌমিককে। এরপরই দলের উপর ক্ষোভ উগড়ে দেন তিনি। তাঁর বিজেপিতে ফিরে যাওয়ার জল্পনা শুরু হয়।
আজ, মঙ্গলবার সকালেই দেখা যায় অর্জুনের অফিস ঘর থেকে সরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই জায়গায় এসেছে রামলালার ছবি। সাংবাদিক বৈঠক অর্জুন বলেন, “তৃণমূলে আমাকে কেউ চায় না। দলে ডেকে নিয়ে গিয়ে বেইজ্জত করা হয়েছে। আমার দেড় বছর নষ্ট হয়েছে। আমি কী এমন বলেছিলাম? বারাকপুরে লড়তে চেয়েছিলাম। তৃণমূলে যারা কাজ করেছে পুরনো দিনের প্রায় সকলকেই এভাবে বসিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গিয়েছি আমি। এটা মনে করছি। তার প্রমাণও পেয়ে গিয়েছি। তবে ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড”।
বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে অর্জুন বলেন, “বিজেপিতে আমার সবাই বন্ধুবান্ধব। ফোন না আসার কথা বললে ঠিক হবে না। বিজেপিতে যখন ছিলাম, একটা জিনিস দেখতাম প্রতি মঙ্গলবার সাংসদদের মিটিং হত। সেখানে প্রধানমন্ত্রী মোদীজী একটা কথা বলতেন, সম্পর্ক সকলের সঙ্গে রাখা উচিত। কারও সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত নয়”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার