গুরুতর অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী, ভিডিও পোস্ট করে নিজের স্বাস্থ্য সম্পর্কে কী জানালেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী

সুস্থ আছেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ভিডিও শেয়ার করে নিজের স্বাস্থ্যের কথা নিজেই জানিয়েছেন গায়ক। সম্প্রতি, সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছিলেন সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। রাশিদ খানের মৃত্যুর ঘটনা, মার্কিন মুলুকে বাংলার শিল্পীদের হেনস্থা থেকে এ আর রহমানের নজরুলগীতি বিতর্ক, সব বিষয়েই বরাবর স্পষ্ট মতামত দিয়েছেন পণ্ডিতজি।

শোনা গিয়েছিল, কিছু দিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীকে । শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সূত্রের খবর অনুযায়ী, শিল্পীর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। অস্ত্রোপচার ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। এবার নিজের খবর নিজেই জানালেন সঙ্গীতশিল্পী। নিজের স্বাস্থ্যের খবর জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন সঙ্গীত শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী। এদিন ফেসবুকে ভিডিও শেয়ার করে নিজের অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

ভিডিওতে অজয় চক্রবর্তী বলছেন, “আমি ভালো আছি। সুস্থ আছি। নানা খবর ছড়িয়েছে আমার অসুস্থতা নিয়ে। আপনারাও বিভ্রান্ত একটু। আমি হাসপাতালে ভর্তি রয়েছি নাকি। তা নয়। আমি বাড়িতেই রয়েছি। যে কোনও মানুষেরই শরীর থাকলে মাঝেমধ্যে শরীর খারাপ হয়। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে, চিকিৎসকের কাছে যেতে হয়। নিয়মিত চেক আপ করানোর জন্যও হাসপাতালে যেতে হয়। আপনারা অনেকেই আমায় নিয়ে চিন্তিত আছেন। আপনারা যে আমার কথা ভাবেন, তার জন্য আমি ধন্য। আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ৩১ মার্চ। একটি অনুষ্ঠানে গান করব আমি। দীর্ঘদিন পরে।”

শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী জানিয়েছেন, “বাংলা গানের এই অনুষ্ঠানটা একেবারে অন্য সুরে বাঁধা। বেশ কিছু বাংলা গান দিয়ে তালিকা সাজানো হয়েছে। শুভমিতাও সঙ্গীত পরিবেশন করবে। গায়ক-পুত্রও কিছু গানের আয়োজন করেছে। থাকবে অজয় চক্রবর্তীর একক সঙ্গীতও। পুরনো গানকেই নতুন করে আবার সকলের কাছে আনার ইচ্ছে রয়েছে।”

সঙ্গীতশিল্পীর অসুস্থতা নিয়ে মুখ খুলেছিলেন তাঁর মেয়ে, গায়িকা কৌশিকী চক্রবর্তী। কৌশিকী জানিয়েছিলেন, “তাঁর বাবা অজয় চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাধারণ চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।” কৌশিকীর অনুরোধ ছিল, সকলের কাছে একটাই অনুরোধ করব, যেন ভুল খবর না ছড়ায়।”

আরও অন্যান্য খবর