সুব্রত মুখোপাধ্যায় বঙ্গ রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ বলা যায়। তাঁর মতো পোড় খাওয়া রাজনীতিক বঙ্গ রাজনীতিতে কমই রয়েছে। একদিকে তিনি যেমন সামলেছেন রাজ্যের মন্ত্রিত্বের দায়িত্ব, তেমনই আবার অন্যদিকে মহানাগরিক হিসেবেও তাঁর অবদান কম নয়। এবার সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, বৃহস্পতিবার একডালিয়া সংলগ্ন একটি রাস্তার নামকরণ করা হয় সুব্রত মুখোপাধ্যায়ের নামে। একডালিয়া পার্কে তাঁরই একটি মূর্তিও উন্মোচন হয়। সেই মূর্তি উন্মোচন অনুষ্ঠানেই সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতি সাগরে ডুব দেন মুখ্যমন্ত্রী।
একডালিয়ার পুজো সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। সেই পুজো সম্পর্কে বলতে গিয়ে এদিন মমতা বলেন, “পুজোর সময় সুব্রতদা চণ্ডীপাঠটা আমাকে দিয়েই করাতেন। আমি বলতাম, অনেক কাজ আছে। তবু বলতেন, ওসব বাদ দে। চণ্ডীপাঠ করতেই হবে। এই একডালিয়ার পুজোটা সুব্রতদা যেভাবে করতেন, আমরা সেভাবেই বরাবর করে আসছি। এতে কেউ কোনও বিচ্যুতি ঘটাইনি”।
মমতার জন্য গ্রেফতার হয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিক
এদিন স্মৃতিচারণা করতে গিয়ে মমতা বলেন, কোনও কর্মসূচি থাকলে সবসময় তাঁকে নিয়ে যেতেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি এও বলেন, “আমার জন্য সুব্রতদাকে একবার গ্রেফতার হতে হয়েছিল! তখন সিপিএমের অপারেশন সান সাইন চলছে”।
কী ঘটেছিল ঘটনাটি?
মমতা বলেন, সেই সময় বাম জমানা চলছিল। একদিন বনধ ডেকেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু তারপরও ঘরেই বসেছিলেন। সেদিন মমতা দু-চারজনকে সঙ্গে নিয়ে যান সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ি। প্রশ্ন করেন, কেন বনধ ডেকে তিনি ঘরে বসে রয়েছেন। সুব্রত মুখোপাধ্যায় প্রশ্ন করেছিলেন, এই তিন-চারজনকে নিয়ে কী মিছিল করবেন তিনি। কিন্তু তাও সুব্রতবাবুকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন মমতা। চার-পাঁচজনের মিছিল ধীরে ধীরে পরিণত হয়েছিল চার-পাঁচশোতে।
সেদিন মিছিল শেষে পুলিশ গ্রেফতার করেছিল সুব্রত মুখোপাধ্যায়। সেই সময় তিনি মমতাকে বলেছিলেন, “তোর জন্য আমি গ্রেফতার হলাম”। কারণ জিজ্ঞাসা করায় সুব্রতবাবু বলেছিলেন, “তোর কথা শুনে মিছিলটা না করলে গ্রেফতার হতে হত না”।
প্রসঙ্গত, তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। রাজনীতির বাইরে খুবই ভালো গ্রহণযোগ্যতা ছিল তাঁর। কংগ্রেস জমানায় মাত্র ২৬ বছর বয়সে রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী মনোনীত হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ২০২১ সালে ৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই বর্ষীয়ান রাজনীতিবিদের।






