বাতিল টিকিট থেকেই লক্ষ্মীলাভ রেলের, গত ৩ বছরে বাতিল টিকিট থেকে কোটি কোটি টাকা আয় হয়েছে ভারতীয় রেল

বাতিল টিকিট থেকে এই লক্ষ্মীলাভ করে রেল (Indian Railway)। রেলের ওয়েটিং লিস্টে থাকা অনেক টিকিটই বাতিল হয়। বাতিল টিকিট থেকে বিরাট পরিমান আয় হয় ভারতীয় রেলের। রেলের তরফে জানানো হয়েছে, বাতিল টিকিট রেলওয়ের (Indian Railway) এক উল্লেখযোগ্য রাজস্বের উৎস হয়ে দাঁড়িয়েছে। সূত্র মারফত পাওয়া তথ্য অনুসারে, ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বাতিল হওয়া টিকিট থেকে আয় হয়েছে মোটা অঙ্ক।‌ এই তিন বছরে বাতিল টিকেট থেকে আয় হয়েছে প্রায় ১,২২৯ কোটি টাকা।

সম্প্রতি, মধ্যপ্রদেশের আরটিআই কর্মী বিবেক পান্ডে এপ্রসঙ্গে প্রশ্ন করেছিলেন রেলমন্ত্রককে। তার জবাবে রেল মন্ত্রক এই তথ্য প্রকাশ্যে এনেছেন। এই তথ্য প্রকাশ করে রেলের তরফে জানানো হয়েছে, বাতিল হওয়া টিকিট থেকে আয় বেড়েছে রেলের।

আরটিআই-এর উত্তর অনুসারে, “২০২১ সালে ওয়েটিং লিস্টে থাকা মোট ২.৫৩ কোটি টিকিট বাতিল হয়েছিল। এর থেকে রেলের আয় হয়েছে ২৪২.৬৮ কোটি টাকা। ২০২২-এ টিকিট বাতিল হয়েছিল ৪.৬ কোটি। আয় বেড়ে হয়েছিল ৪৩৯ কোটি টাকা। ২০২৩ সালে রেলের মোট ৫.৩৬ কোটি টিকিট বাতিল হয়েছিল। রেলের আয় হয়েছিল ৫০৫ কোটি টাকা। আর ২০২৪ সালে শুধুমাত্র জানুয়ারি মাসেই ৪৫.৮৬ লক্ষ টিকিট বাতিল হয়েছে। তা থেকেই আয় হয়েছে ৪৩ কোটি টাকা।

এমনকি গত তিন বছরে সব থেকে বেশি কবে টিকিট বাতিল হয়েছে সেই তথ্য তুলে ধরা হয় রেলের তরফে। ‌গত তিন বছরে সবথেকে বেশি টিকিট বাতিল হয়েছিল ২০২৩-এর দীপাবলির সময়। ২০২৩-এর ৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে ৯৬.১৮ লক্ষ টিকিট বাতিল হয়েছে। বাতিল টিকিট থেকে ওই ১২ দিনে রেল ১০.৩৭ কোটি টাকা আয় করেছে।

টিকিট বাতিল করলে কত টাকা কাটা হয় রেলের তরফে?

যদি ওয়েটিং লিস্টে থাকা কোনো টিকিট বাতিল করা হয় তবে যাত্রী প্রতি ৬০ টাকা করে কেটে নেওয়া হয়।

যদি ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করা হয় সেক্ষেত্রে বিভিন্ন শ্রেণির জন্য বিভিন্ন রকম টাকা কেটে নেওয়া হয় রেলের তরফে-

এসি ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসের টিকিট বাতিল করলে ২৪০ টাকা কাটা হয়। এসি ২ টিয়ার বা ফার্স্ট ক্লাসের টিকিট বাতিল করলে ২০০ টাকা কাটা হয়।‌এসি ৩ টায়ার বা এসি চেয়ার কার বা এসি ৩ ইকোনমি ক্লাসের টিকিট বাতিল করলে ১৮০ টাকা কাটা হয়।‌ স্লিপার ক্লাসের ক্ষেত্রে টিকিট বাতিল করা হলে কাটা যায় ১২০ টাকা। সেক্ষেত্রে সেকেন্ড ক্লাসের টিকিট বাতিল করলে ৬০ টাকা কেটে নেওয়া হয় রেলের তরফে।‌

৪৮ ঘণ্টার কম সময়ে টিকিট বাতিল করলে রেলের তরফে সময় অনুযায়ী টাকা কেটে নেওয়া হয়‌:

কোনো কনফার্মড টিকিট যদি, ট্রেনের নির্ধারিত যাত্রার ১২ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করা হয়, তাহলে আসল ভাড়ার ২৫ শতাংশ, বাতিল মূল্য হিসেবে রেলের তরফে কাটা হয়। ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হলে, ভাড়ার ৫০ শতাংশ বাতিল টাকা হিসেবে কেটে নেওয়া হয় রেলের তরফে।

RELATED Articles