‘আমি কীভাবে বলব কী করে হল’, গার্ডেনরিচে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলতেই মেজাজ হারালেন ফিরহাদ হাকিম

গার্ডেনরিচের ঘটনা নিয়ে এখন গোটা রাজ্য তোলপাড়। গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার দায় ইঞ্জিনিয়ারদের উপর চাপিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায়, বাড়ি বানানোর কাজ দেখার দায়িত্ব কাউন্সিলরদের নয়, সেই দায়িত্ব ইঞ্জিনিয়ারদের। বেআইনি নির্মাণ প্রসঙ্গে ফের দায় এড়ালেন ফিরহাদ হাকিম।    

গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। গত সোমবার এলাকা পরিদর্শনে গিয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন, তিনি সেখানকার মানুষের পাশে রয়েছেন। উদ্ধারকাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। তা ঠিকঠাক হয়েছে কী না, সেটা দেখাই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছিলেন মেয়র।

ফিরহাদকে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন করা হলে তাঁর জবাব ছিল, “যে যা ইচ্ছে বলুক। আমি এটা নিয়ে আর কিছু বলব না”। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, দুটি তিনতলা বাড়ির মাঝে তিন ফুট গলির মধ্যে আরেকটি সরু তিনতলা বাড়ি তৈরি করা হয়েছে। সেই বাড়িটিও গার্ডেনরিচের।  

এদিন এই বাড়ি প্রসঙ্গে প্রশ্ন করা হলে কার্যত মেজাজ হারান ফিরহাদ হাকিম। তাঁর সাফ কথা, “ওই বাড়ি কী করে হল, আমি কী করে বলব? আমি আইন নিয়ে বসে নেই, যে সব আমার কাছে আসবে”। এর আগে তিনি বলেছিলেন, গার্ডেনরিচে এই বেআইনি নির্মাণ আসলে সামাজিক ব্যাধি।

গত বুধবার বিল্ডিং বিভাগের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন মেয়র। সেই বৈঠকে ইঞ্জিনিয়ারদের কার্যত ধমক দেন তিনি। ফিরহাদ হাকিম বলেছিলেন, “হয় আপনি অপদার্থ, নয়তো চোর। পাশের আইনি বাড়িকে নোটিস দিলেন, আর বেআইনি নির্মাণ দেখতে পেলেন না? আপনার গাফিলতিতেই এত মৃত্যু”। বেআইনি নির্মাণ সংক্রান্ত আইন আরও কড়া করে লাগু করার নির্দেশ দেন মেয়র।

এই বেআইনি নির্মাণ ভেঙে পড়ার ঘটনায় ফিরহাদকে একহাত নিয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় বলেছেন, “বেআইনি নির্মাণ একমাত্র শিল্প কলকাতার। এত বড় ঘটনার দায় নেবে না? মেয়রের সরে যাওয়া উচিত, নয়তো সরিয়ে দেওয়া উচিত”।

প্রসঙ্গত, গার্ডেনরিচে বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আক্রান্তদের পুনর্বাসনের জন্য রাজ্য কী কী পদক্ষেপ নেবে বা অভিযুক্তদের বিরুদ্ধেই বা কী পদক্ষেপ নেওয়া হবে, তা ওই রিপোর্টে উল্লেখ করার নির্দেশ দিয়েছে আদালত।

RELATED Articles