ভোটের প্রচারে বেরিয়ে আমজনতাকে হুমকি, এবার সুজাতার মুখ বন্ধ করল তৃণমূল, ‘কোনও ব্যক্তিগত মন্তব্য নয়’, কড়া নির্দেশ দলের

ভোটের প্রচারে বেরিয়ে আমজনতার উদ্দেশে তিনি যে মন্তব্য করেছিলেন, তাতে বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কও কম হয়নি। সেই কারণে এবার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে সেন্সর করল দল। দলের অন্যান্য নেতাদেরও সতর্কবার্তা।

বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই কেন্দ্রে ভোট পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে তৃণমূলের রাজ্য নেতা সমীর চক্রবর্তীকে। জানা গিয়েছে, বাঁকুড়ার সতীঘাটে একটি দলীয় বৈঠক ডাকা হয়, সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুরের দুই প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডল। বৈঠকে ছিলেন দুই কেন্দ্রের সাংগঠনিক জেলার দলীয় নেতারাও। সেই বৈঠকেই কড়া নির্দেশ দেওয়া হল তৃণমূল নেত্রীকে। প্রচারে গিয়ে দলের গাইডলাইনের বাইরে বা কোনও ব্যক্তিগত মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে তাঁকে।

কেন এই নির্দেশ?

গত মঙ্গলবার ওন্দায় প্রচার করতে গিয়েছিলেন সুজাতা মণ্ডল। সেখানে আমজনতার উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আপনারা ভোটটা দেন বিজেপিকে। মাসি, ভোটটা বড় ফুলে দিচ্ছো। আর চাওয়ার বেলা ছোট ফুলকে চাইছো। দেখো মাসি, আমি এবার একটা ক্লিয়ার কাট কথা বলছি, যদি এবার এখান থেকে দেখি তৃণমূল লিড পায়নি তাহলে সত্যিই তোমাদের কাছে আমরা কেউই আর অভিযোগ শুনতে আসব না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে। কারণ, এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব সেটা হতে পারে না”।

তাঁর এহেন মন্তব্যেই বেজায় অস্বস্তিতে পড়েছে দল। এই বিষয়টি শীর্ষ স্তরে পৌঁছতেই এই নির্দেশ এলে সুজাতার কাছে। তাঁর এই মন্তব্য বিড়ম্বনায় ফেলেছে দলকে। যদিও দলের এই নির্দেশ নিয়ে সুজাতার দাবী, “দল জানে আমি অন্যায় করতে পারি না। বিরোধীরা এসব অভিযোগ তুলছে। তবে আমি কাউকে হুমকি দিইনি। দলের অনুশাসন মেনে মানুষের দুয়ারে ভোট চাইছি”।‌

অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, “দলের বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে। প্রচার কর্মসূচিতে সবাইকে মেপে কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বিজেপিকে বিষ্ণুপুর কেন্দ্রে হারাব। সেই শপথ নিয়েই সবাই কাজ করছে”।

প্রসঙ্গত, সুজাতার ওই মন্তব্য প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেছেন, ““সুজাতার ওইসব মন্তব্যের জেরে দলের অন্দরে অস্বস্তি বেড়েছে। ভোটারদের মধ্যেও তার প্রভাব পড়ে। তাতে বিরোধীদের সুবিধা হতে পারে। এই কারণে তাঁকে সেন্সর করা হয়েছে”। তাঁর কথায়, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে যেখানে দেখা যাচ্ছে ভোট প্রচারে বেরিয়ে তিনি তৃণমূল নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, সেখানে তৃণমূল প্রার্থীর এহেন মন্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়।   

RELATED Articles